আট বছরের দীর্ঘ যাত্রায় প্রায় ৬০০ কোটি মাইল বা ১ হাজার কোটি কিলোমিটার পথ পাড়ি দিয়ে অবশেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান ‘বেপিকলম্বো’। ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ) ও জাপানের মহাকাশ সংস্থার (জেএএক্সএ) যৌথ উদ্যোগে পাঠানো এই মহাকাশযানটি বর্তমানে গ্রহটিকে প্রদক্ষিণ করছে। সূর্যের খুব কাছে অবস্থান করা সত্ত্বেও বুধের গর্তগুলোতে কীভাবে বরফ টিকে আছে, সেই রহস্য উন্মোচনের পাশাপাশি গ্রহটির পৃষ্ঠজুড়ে ছড়িয়ে থাকা রহস্যময় গহ্বরগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করবে বেপিকলম্বো।
বিজ্ঞানীদের তথ্যমতে, বুধ গ্রহের তাপমাত্রা সর্বোচ্চ ৪৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন মাইনাস ১৮০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। গ্রহটি প্রতিনিয়ত তীব্র সৌর বিকিরণের আঘাতের মুখে থাকে। আর তাই এখন পর্যন্ত বুধ গ্রহ নিয়ে খুব কমই অনুসন্ধান করা সম্ভব হয়েছে। তবে আশা করা হচ্ছে যে এ অভিযানে বুধ গ্রহের কিছু প্রধান রহস্যের সমাধান হবে।
লেস্টার ইউনিভার্সিটির অধ্যাপক এমা বান্স জানান, বৈজ্ঞানিকভাবে বুধ গ্রহকে জানতে চাওয়ার পেছনে অনেক কারণ রয়েছে। গ্রহটি কীভাবে গঠিত হয়েছে, কীভাবে বিবর্তিত হয়েছে এবং আজ দেখতে কেমন, তা জানা জরুরি। সূর্যের সঙ্গে এটি কীভাবে মিথস্ক্রিয়া করে এবং যে চরম মহাকাশ আবহাওয়ার মুখোমুখি হয়, তা জানাও গুরুত্বপূর্ণ।
২০১৮ সালে ফ্রেঞ্চ গায়ানা থেকে বুধ গ্রহের উদ্দেশে যাত্রা শুরু করে বেপিকলম্বো মহাকাশযানটি। সৌরজগতের গভীরে যাওয়ার সময় মহাকাশযানটিকে সূর্যের বিশাল মহাকর্ষীয় টানের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। চলার পথে মহাকাশযানটি পৃথিবীকে একবার, শুক্র গ্রহকে দুবার এবং বুধ গ্রহকে ছয়বার প্রদক্ষিণ করেছে। সাত বছরের মধ্যে বুধ গ্রহে পৌঁছানোর কথা থাকলেও প্রপালশন সিস্টেমের সমস্যার কারণে ১ বছর বেশি সময় লেগেছে।
এখন পর্যন্ত মাত্র তিনটি মহাকাশযান বুধ গ্রহের কাছাকাছি গেছে। ১৯৭০-এর দশকে মেরিনার-১০ নামের একটি মহাকাশযান বুধ গ্রহের পাশ দিয়ে ৩ বার উড়ে গিয়েছিল। এরপর ২০১১ সালে মেসেঞ্জার মহাকাশযান বুধের কক্ষপথে পৌঁছেছিল। তবে গ্রহটি সম্পর্কে এখনো অনেক কিছু আবিষ্কার করা বাকি।
বুধ গ্রহ আমাদের চাঁদের চেয়ে সামান্য বড়। এটি প্রাচীন আগ্নেয়গিরি, সুউচ্চ খাড়া পাহাড় আর বিশাল সব গর্তে ঢাকা। বুধ গ্রহে সময় অতিবাহিত হওয়ার ধরনও মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। গ্রহটি সূর্যের চারপাশে এত দ্রুত ঘোরে যে বুধের ১ বছর পৃথিবীর মাত্র ৮৮ দিনের সমান। তবে এটি নিজ অক্ষের ওপর অবিশ্বাস্যভাবে ধীরে ঘোরে। তাই সেখানে ১টি দিন পৃথিবীর ৫৯ দিনের সমান হয়। গ্রহটির সর্বত্র হাজার হাজার গহ্বর রয়েছে। এগুলো অগভীর হলেও এর পাশগুলো খাড়া এবং প্রায়ই গুচ্ছাকারে থাকে। গ্রহগত সময়ের হিসাবে এগুলোর বয়স প্রায় ১ লাখ বছর।
সূত্র: বিবিসি
