চীনের বিমান চলাচল কোম্পানি এয়ার চায়না লিমিটেড যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের ৩১টি বিমান কিনবে। বিমান সেবার পরিধি বাড়াতেই তারা এই উদ্যোগ নিতে যাচ্ছে বলে শুক্রবার এয়ার চায়না জানিয়েছে।—খবর এনডিটিভির।
এয়ার চায়না বোয়িং এর ৭৪৭-৮১ মডেলের ২টি, ৭৭৭-৩০০ ইআর ১টি এবং ২০টি ৭৩৭-৮০০ মডেলের বিমান ক্রয় করবে। এই ৩৩টি বিমান ক্রয়ে কোম্পানিটির ২৬০ কোটি মার্কিন ডলার ব্যয় হবে। ২০১৪ থেকে ২০১৫ সালের মধ্যে বিমানগুলো সরবরাহ করা হবে বলে জানা গেছে। এছাড়াও এয়ার চায়না কার্গো বোয়িং-এর ৭৭৭-এ মডেলের আরও ৮টি বিমান ক্রয় করবে, যার মূল্য প্রায় ২২৩ কোটি মার্কিন ডলার। এই বিমানগুলো ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে সরবরাহ করা হবে। এর আগে ব্যাটারিতে সমস্যা দেখা দেয়ার কারণে বোয়িং তাদের নতুন ৭৮৭ ড্রিমলাইনার বিমান সরবরাহ স্থগিত করে। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারগুলোতে ক্রমাগত যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান পরিচালনা সংস্থা তাদের বিমান বহর থেকে ওই বিমান প্রত্যাহার করে নেয়। এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটি তাদের নতুন ৭৮৭ ড্রিমলাইনার বিমান সরবরাহ স্থগিত করতে বাধ্য হয়।
চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে জাপানের অল নিপ্পন এয়ারওয়েজ (এএনএ) তাদের বিমান বহর থেকে ১৭টি বোয়িং ৭৮৭’র সবগুলো প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেয়ার পর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল প্রশাসন (এফএএ) ইউএস এয়ারলাইন্সকেও সাময়িকভাবে বোয়িং ৭৮৭ বিমানগুলো ব্যবহার স্থগিতের নির্দেশ দেয়। এই পরিস্থিতিতেই এয়ার চায়না বোয়িং-এর কাছ থেকে বিমান ক্রয়ের ঘোষণা দিল।
