হা লঙ বে দূষিত হচ্ছে
ভিয়েতনামের অন্যতম আকর্ষণ হা লঙ বে। প্রতি বছর হাজার হাজার পর্যটক সেখানে যায় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। কিন্তু কয়লাখনির কারণে এলাকাটি দিন দিন দূষিত হয়ে উঠছে। কয়লাখনি থেকে কয়লা আহরণ, সেখান থেকে খোলা ট্রাকে করে বিদ্যুত্ কেন্দ্রে কয়লা নিয়ে যাওয়া এবং কয়লা আহরণের পর যে বর্জ্য থাকে সেগুলো পরিশোধন না করেই পার্শ্ববর্তী নদীতে ফেলে দেয়, এসব কারণে হা লঙ বে দিন দিন দূষিত হয়ে পড়ছে। — ডয়েচে ভেলে
অ্যাসপিরিন ‘অন্ধত্বের’ ঝুঁকি বাড়ায়
হূদরোগ বা এ ধরনের অসুখের কারণে বহু বছর ধরে যারা নিয়মিত অ্যাসপিরিন নিচ্ছেন তাদের ‘দৃষ্টিশক্তি’ হারানোর ঝুঁকি অন্যদের তুলনায় বেশি বলে জানিয়েছেন গবেষকরা। গবেষকরা বলছেন, অ্যাসপিরিন সেবনে বয়সের সঙ্গে সঙ্গে এমন এক ধরনের রোগ দেখা দেয়ার আশঙ্কা আছে যাতে চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হয়ে অন্ধত্ব বরণ করতে হতে পারে। ২ হাজার ৩৮৯ জন মানুষের ওপর গবেষণাটি পরিচালনা করেছেন সিডনি বিশ্ব-বিদ্যালয়ের গবেষকরা। — বিবিসি
সমুদ্রে তিমির বসবাস
তিমি মাছের বসবাসের উপযোগী করে সমুদ্রকে কীভাবে নীরব রাখা যায় তা নিয়ে বোস্টনের বিজ্ঞানীরা নানা উপায় খুঁজছেন। কেননা সমুদ্রে যেসব বড় বড় জাহাজ চলাচল করে, সেগুলো থেকে যে শব্দদূষণ হয় তা তিমিদের নিজেদের মধ্যে যোগাযোগে ব্যাপক বিঘ্ন ঘটায়। আর একারণে তাদের খাবারের খোঁজ করা এবং সঙ্গীর সাথে মিলন বেশ কঠিন হয়ে পড়েছে।
— বিবিসি
লন্ডনে চ্যারিটি ডিনার
ভারতের মুম্বাইয়ে টাটা মেমোরিয়াল সেন্টারের উন্নতিকল্পে বৃহস্পতিবার চ্যারিটি ডিনারের আয়োজন করা হয় লন্ডনে। শহরের সেন্ট জেমস পার্কে তাজ গ্রুপের হোটেল ক্রাউন প্লাজায় হয় এই নৈশভোজ। বলিউডের ছবির শতবর্ষ পূর্তি উপলক্ষে সেখানে দেখানো হয় একটি তথ্যচিত্র। এ উপলক্ষে লন্ডনে এসেছিলেন কবি জাভেদ আখতার, অভিনেত্রী শাবানা আজমি ও ওয়াহিদা রহমান। সেখানে শিল্পী পরেশ মাইতির ছবির নিলাম হয়। আগামীতে এ ধরনের চ্যারিটি শো ভারতে অনুষ্ঠিত হবে।
— আনন্দ বাজার পত্রিকা
