ঈশ্বরদীর কুল চাষিরা হরতাল নিয়ে বিপাকে

আপডেট : ০২ মার্চ ২০১৩, ২১:১১
চলমান হরতাল ও অবরোধের কারণে ঈশ্বরদীর কুল চাষিরা চরম বিপাকে পড়েছেন। বিপুল পরিমাণ বাউকুল গাছেই পেকে নষ্ট হচ্ছে। স্থানীয় ক্রেতা না থাকা এবং ঢাকা থেকে ক্রেতারা আসতে না পারায় এ ঘটনা ঘটছে। চলতি মৌসুমে ঈশ্বরদীর কুল চাষিদের খামারে বিপুল পরিমাণে কুল ধরেছে। মাত্রাতিরিক্ত শীতের কারণে প্রথম অবস্থায় কুল নিয়ে চাষিরা দুশ্চিন্তাগ্রস্ত থাকলেও পরে বাগানে বিপুল পরিমাণ কুল ধরে। চাষিরা জানান, ঘন ঘন হরতাল-অবরোধের কারণে তারা গাছ থেকে কুল ভাঙ্গতে পারছেন না। কুল না ভাঙ্গার কারণে গাছে শুকিয়ে লাল হয়ে মাটিতে ঝড়ে পড়ছে। কুল ভেঙ্গে রাজধানী ঢাকায় বিক্রির জন্য পাঠাতে পারছেন না। বনপাড়ায় গড়ে উঠা কুলের মোকামেও ক্রেতা/ফড়িয়া নেই। বিক্রি করতে না পারায় বাধ্য হয়ে অনেকেই ফেলে দিচ্ছে। অন্যান্য ফসলের মতো কুল বেশিদিন রেখে দেয়া যায় না। এক-দু’দিন রাখলেই লাল হয়ে পচে যায়। লাল কুল ক্রেতারা কিনতে চায় না। স্থানীয়ভাবে সবজি বা ফল সংরক্ষণের কোল্ড স্টোর নির্মাণের জন্য স্থানীয় কৃষকরা দীর্ঘদিন ধরে দাবী জানালেও দাবী পূরণে কেউ এগিয়ে আসেনি।