নওয়াপাড়ায় পিকনিকের বাস দুর্ঘটনায় পতিত

আপডেট : ০২ মার্চ ২০১৩, ২১:১৬
অভয়নগর (যশোর) সংবাদদাতা যশোরের শিল্প শহর নওয়াপাড়ার অদূরে যশোর—খুলনা মহাসড়কের তালতলা নামক স্থানে গাছের সাথে ধাক্কা লেগে একটি পিকনিকের বাস দুর্ঘটনায় পতিত হয়েছে। ভাগ্যক্রমে বেঁচে গেছেন পিকনিক যাত্রীরা। আহত হয়েছেন কমপক্ষে ১৫জন। তাদেরকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। গতকাল শনিবার ভোর ৫ টায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যশোর সদর উপজেলার ছিলুমপুর গ্রামের অর্ধশতাধিক যুবক গত শুক্রবার রাতে কুয়াকাটা থেকে পিকনিক শেষে সাফি—রাফি পরিবহনযোগে ফেরার পথে যশোরের শিল্প শহর নওয়াপাড়ার অদূরে যশোর—খুলনা মহাসড়কের তালতলা নামক স্থানে পৌঁছালে চালকের অসাবধানতার কারণে রাস্তার পার্শ্বের একটি মেহগনি গাছের সাথে ধাক্কা লাগে। এতে বাসের ছাদ খুলে প্রায় ১শ’গজ দূরে ছিটকে পড়ে এবং বাসটি লণ্ডভণ্ড হয়ে যায়। এ ঘটনায় ১৫জন পিকনিক যাত্রী আহত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।