বোয়ালমারীতে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ০২ মার্চ ২০১৩, ২১:১৮
ফরিদপুর প্রতিনিধি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার হাসামদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিয়া মো: আলমগীরের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, মৌন মিছিল ও সাংবাদিক সম্মেলন করেছে শিক্ষক সমাজ। এসময় শিক্ষকরা ন্যায় বিচারের দাবিতে বোয়ালমারী উপজেলা চেয়ারম্যানের নিকট স্মারকলিপি প্রদান করেন। শনিবার দুপুরে বোয়ালমারী উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি আয়োজিত মানববন্ধন ও বোয়ালমারী প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন থেকে বক্তারা ওই শিক্ষকের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচার না হলে উপজেলার সকল স্কুলে লাগাতার ক্লাস বর্জনের হুমকি দেয়। উল্লেখ্য, শুক্রবার বিকালে বোয়ালমারীর ময়েনদিয়া বাজারে হাসামদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিয়া মো: আলমগীরের উপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে।