তিনদিনের প্রস্তুতি ম্যাচ

মাঠে নামছেন মুশফিকরা

আপডেট : ০২ মার্চ ২০১৩, ২১:৩৭
তিনদিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে আজ রবিবার শ্রীলংকা সফরে প্রথম মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। আগামী শুক্রবার থেকে দুই টেস্ট সিরিজের প্রথম টেস্ট খেলার আগে এটি একমাত্র প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের। শ্রীলংকার মাতারায় অনুষ্ঠিত হবে তিনদিনের প্রস্তুতি ম্যাচটি। মুশফিকুর রহিমদের প্রতিপক্ষ শ্রীলংকান ডেভেলপম্যান্ট ইমার্জিং দল। তিনদিনের ম্যাচ দিয়ে বাংলাদেশও চাচ্ছে টেস্টের আগে তাদের প্রস্তুতি সেরে নিতে। টি-টোয়েন্টি ভিত্তিক বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলার পর পাঁচদিনের বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) খেললেও স্কোয়াডে থাকা অনেক খেলোয়াড়ের দীর্ঘ পরিসর ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়নি। তাই তিনদিনের প্রাকটিস ম্যাচই হচ্ছে তাদের একমাত্র প্রস্তুতি। ইনজুরিগ্রস্ত জাতীয় দল অবশ্য তিনদিনের প্রস্তুতি ম্যাচের সেরা একাদশ ঠিক করেনি টিম ম্যানেজম্যান্ট। তবে দলের এগারজনের মধ্যে তরুণদের প্রাধান্য দেয়া হবে। খেলতে পারেন মোমিনুল হক, মার্শাল আইয়ুবসহ তরুণ ক্রিকেটাররা। অধিনায়ক মুশফিকও চাচ্ছেন, তরুণদের উপর ভরসা রাখতে। তিনদিনের প্রাকটিস ম্যাচের ভেন্যু মাতারায় পৌঁছে জাতীয় দলের অধিনায়ক বলেছেন, ‘দলে যারা রয়েছে, গত এক-দুই বছর ধরে তারা ভালো খেলার জন্য প্রচুর পরিশ্রম করে যাচ্ছে। তার ফল পেয়েছি সমপ্রতি শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম সিরিজ ও এশিয়া কাপে। তরুণরাও সত্যিকার অর্থে ভালো করছে। আশা করছি শ্রীলংকা সফরে এর ধারাবাহিকতা বজায় থাকবে’। টি-টোয়েন্টি ঘরনা থেকে দীর্ঘ পরিসর ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। টেস্ট ম্যাচের মেজাজটা বুঝতেও একটু সময় লাগতে পারে। তবুও অধিনায়কের কণ্ঠ থেকে শোনা গেছে আশারবাণী, ‘টেস্ট ম্যাচটি আমরা সেশন অনুযায়ী খেলব এবং প্রতিটি ওভারে ভালো খেলার ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবো। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভালো খেললেও শেষটা ভালো করতে পারিনি। তরুণরা যদি এবার তাদের সেরাটা খেলতে পারে তবে আমরা এই টেস্ট সিরিজেও প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবো’। একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচ ছাড়াও বাংলাদেশ খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এছাড়া তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে মুশফিকরা।