স্কলারির ডাক পেতে পারেন কাকা

আপডেট : ০২ মার্চ ২০১৩, ২১:৩৮
ব্রাজিলের ফুটবল কোচ লুইজ ফিলিপ স্কলারি ইঙ্গিত দিয়েছেন, সাবেক ফিফা বর্ষসেরা ফুটবলার কাকা আবারো জাতীয় দলে ডাক পেতে পারেন। স্কলারির ভাষ্যমতে এ পরিবর্তনটি আসতে পারে ইতালি ও রাশিয়ার বিরুদ্ধে আসন্ন প্রীতি ফুটবল ম্যাচের সময়। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ৩১ মার্চ ইতালির মোকাবেলা করবে জেনেভায়। চারদিন পর লন্ডনের স্টামফোর্ড ব্রিজে সেলেচাওদের প্রতিপক্ষ হবে রাশিয়া। স্কলারি রিও ডি জেনিরোতে আগামী মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই দুই ম্যাচের দল ঘোষণা করবেন। জাতীয় দলের হয়ে এই দফায় দায়িত্ব নেয়ার পর কোচ স্কলারির প্রথম পরীক্ষা ছিল ৬ ফেব্রুয়ারি ওয়েম্বলি স্টেডিয়ামে। কিন্তু স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে এই প্রীতি ফুটবল ম্যাচটিতে ব্রাজিল ১-২ গোলে হেরে যায়। সে ম্যাচে কাকা ছিলেন না। মানো মেনেজেস চলে যাওয়ার পর স্কলারি দ্বিতীয়বারের মতো ব্রাজিল দলের দায়িত্ব পান। স্কলারির অধীনে থেকে ব্রাজিল ২০০২ সালে বিশ্বকাপ জয় করে। সেই দলে ছিলেন কাকা। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে কাকা জায়গা করে নিতে পারেননি। স্কলারি গত বৃহস্পতিবার বলেন, ‘আমি এই খেলোয়াড়ের পজিশনিং এবং বিস্তারিত তথ্যে সন্তুষ্ট ছিলাম না।’ তবে স্কলারি ইঙ্গিত দিয়েছেন কাকাকে দলে ডাকা হতে পারে। তিনি জানান, কোন খেলোয়াড় ক্লাবে নিয়মিত না হলেই যে বিবেচনায় আসবেন না এমন কোন কথা নেই। ৬৪ বছর বয়স্ক এই অভিজ্ঞ কোচ বলেন, ‘আমি এমন একটা দল পছন্দ করতে যাবো যেটা ব্রাজিলের সেরা এবং অবশ্যই সাংবাদিকরা কি লিখছেন তার ওপর ভিত্তি করে নয়।’ কাকা গত বছরের অক্টোবরে জাতীয় দলে ফিরে দারুণ খেলেছিলেন। সেই ফেরাটা ছিল দুই বছরের মধ্যে প্রথম। জাপান ও ইরাকের বিপক্ষে ব্রাজিল জয়ও তুলে নেয়। বর্তমানে ৩০ বছর বয়সী কাকা রিয়াল মাদ্রিদে অনিয়মিত খেলোয়াড়। গত সপ্তাহের মঙ্গলবার কোপা ডেল রে তে রিয়াল মাদ্রিদ ৩-১ গোলে বার্সেলোনাকে হারিয়ে দেয়। সে ম্যাচে কাকা অতিরিক্ত খেলোয়াড় হিসেবে বেঞ্চে বসে ছিলেন। ম্যানচেস্টার ইউনাইটেডে ফর্মে রয়েছেন রাইট ব্যাক রাফায়েল দা সিলভা। আশা করা হচ্ছে তিনি তৃতীয়বারের মত জাতীয় দলে খেলতে যাচ্ছেন। কাকার মতো তিনিও ইংল্যান্ডের বিরুদ্ধে দলে জায়গা করে নিতে পারেননি। রিয়াল মাদ্রিদ চাইলে চলে যাবেন কাকা এদিকে কাকা জানান, রিয়াল মাদ্রিদ চাইলে তিনি ক্লাব ছেড়ে দেবেন। ক্লাবের মাথা ব্যথার কারণ হতে চান না তিনি। ২০০৯ সালে সাত কোটি ইউরো ট্রান্সফার ফির বিনিময়ে তিনি মিলান থেকে মাদ্রিদে আসেন। দীর্ঘদিন ধরেই তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন সুবিধাজনক কোন লিগে চলে যাওয়ার জন্য। কিন্তু উচ্চ পারিশ্রমিকের জন্য তা সম্ভব হয়ে ওঠেনি। ফলে জানুয়ারিতে দল পরিবর্তনের সুযোগ কাজে লাগাতে পারেননি। এ ব্যাপারে কাকা বলেন, ‘আমার আরো দুই বছরের চুক্তি রয়েছে। কিন্তু আমি মাথা ব্যথার কারণ হতে চাই না। ক্লাবের ভালোর জন্য চলে যেতে পারি। রিয়াল মাদ্রিদের হয়ে আমি আরো খেলতে চাই। কিন্তু পরিস্থিতি বুঝি আমি। এখানে আরো অনেক শক্তিমান খেলোয়াড় রয়েছে।’ কাকা যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের কোন ক্লাবে যেতে পারেন। তার ছোট ভাই ডিয়েগো খেলেন নিউ ইয়র্ক রেড বুলসের হয়ে।