বৃহত্তর নোয়াখালী গ্যাসের ওপর ভাসলেও অনেক উপজেলায় গ্যাস সংযোগ দেয়া হচ্ছে না। গত বছরের ১৮ মার্চ দৈনিক ইত্তেফাকের খবর অনুযায়ী কোম্পানীগঞ্জ উপজেলায় এক কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রীডে যোগ হয়েছে। বেগমগঞ্জে আরো দু’টি গ্যাসকূপ কিছুদিনের মধ্যে খনন করা হবে। ইতিপূর্বে ফেনীর বালুয়া চৌমুহনী ও মরুয়ার চর এলাকায় প্রাপ্ত গ্যাস ইতিমধ্যে জাতীয় গ্রীডে যোগ হয়েছে। ফেনীর গ্যাসক্ষেত্র থেকে মাত্র ২ কিলোমিটার দক্ষিণে সোনাগাজী উপজেলার জনগণ গ্যাস সংযোগ থেকে বঞ্চিত। পত্রিকার সংবাদ অনুযায়ী জানা যায় যে, ইতিমধ্যে জাতীয় গ্রীডের গ্যাস ছাড়াই বৃহত্তর নোয়াখালী জেলায় গ্যাস সরবরাহ করা হচ্ছে। ফেনীর দু’টি গ্যাসক্ষেত্র থেকে মাত্র ২ কিলোমিটার দক্ষিণে সোনাগাজী উপজেলা শুরু। এখানে গ্যাস এলে অনেক ক্ষুদ্র শিল্প-কারখানা গড়ে ওঠার সম্ভাবনা আছে। এ অবস্থায় ফেনী (বালুয়া চৌমুহনী) গ্যাস ক্ষেত্র থেকে সোনাগাজী উপজেলায় গ্যাস লাইন স্থাপনের জন্য আশু প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আবদুল হালিম, সৈয়দপুর সোনাগাজী, জেলা:ফেনী।
