রাজনৈতিক অস্থিরতার কারণে সারাদেশের ক্রিকেট খেলা বন্ধ

আপডেট : ০২ মার্চ ২০১৩, ২১:৪০
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের কথা চিন্তা করে সারাদেশের ক্রিকেট খেলা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল শুক্রবার ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্টোপলিশ (সিসিডিএম) ও বিসিবি পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে তারা খেলাধুলা বন্ধের ঘোষণা দেয়। বর্তমানে দ্বিতীয় বিভাগ ক্রিকেট, ময়মনসিংহে চলা ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ ক্রিকেট এবং রাজশাহীতে মহিলা জাতীয় ক্রিকেট লিগ শুরু হয়েছে। বিসিবির পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই খেলাগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। উল্লেখ্য, আগামী রবি, সোম ও মঙ্গলবার সারাদেশে হরতাল হবে। সামগ্রিক এই অবস্থার কারণে বিসিবি এ সিদ্ধান্ত নেয়। সিসিডিএমও কাল এক বিজ্ঞপ্তিতে জানায়, ক্রিকেট বোর্ডের পরামর্শ অনুযায়ী এই মৌসুমের দ্বিতীয় বিভাগ ক্রিকেট গতকাল শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।