‘মুক্তিযুদ্ধের শেষ নাই-যুদ্ধ শেষে যুদ্ধ চাই’—এই শ্লোগান নিয়ে এবং যুদ্ধাপরাধীদের বিচারের প্রত্যয়ে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে ছয়দিনের ‘বাংলাদেশ পথনাটক উত্সব’। কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হওয়া এ উত্সবের আয়োজন করেছে বাংলাদেশ পথনাটক পরিষদ।
বিকালে শহীদ মিনারে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ সকল শহীদ মুক্তি সংগ্রামীর স্মৃতির প্রতি শ্রদ্ধাস্বরূপ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এ উত্সবের উদ্বোধন করেন ভাষা সংগ্রামী আহমদ রফিক। এরপর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করার পাশাপাশি জাতীয় সঙ্গীত ও মুক্তিযুদ্ধের গান পরিবেশিত হয়।
উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনায় বক্তারা পুলিশ-জামায়াতের সংঘর্ষকে ‘গণহত্যা’ বলায় বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সমালোচনা করে বলেন, সংস্কৃতিকর্মী এবং পথনাটক পরিষদ সব সময় যুদ্ধাপরাধী এবং স্বাধীনতাবিরোধীদের বিপক্ষে থেকে মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করছে এবং আন্দোলন করে যাচ্ছে। শাহবাগের গণজাগরণ সারাদেশে ছড়িয়ে দেয়ার জন্য তরুণদের এগিয়ে আসতে হবে।
উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বলের দলপ্রধান নাট্যব্যক্তিত্ব জামাল উদ্দিন হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফ, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী, নাট্যকর্মী মফিজুর রহমান লাল্টু। পরিষদের সভাপতি মান্নান হীরার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
ছয়দিনব্যাপী এই উত্সবে মোট ৪৪টি পথনাটক মঞ্চস্থ হবে। শনিবার উদ্বোধনী দিনে মঞ্চস্থ হয় নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বলের ‘বর্ণচোরা’, দৃষ্টিপাত নাট্যসংসদের ‘জোড়াতালি’, গাজীপুরের নাট্যভূমি দলের ‘কানার হাটবাজার’, নারায়ণগঞ্জের সংশপ্তক নাট্যদলের ‘ধ্বংসস্তূপ’ ও রাজশাহীর অনুশীলন নাট্যদলের ‘জাগরণের পালা’। আগামী ৭ মার্চ শেষ হবে এই পথনাটক উত্সব।
শেষ হলো শহীদ মুনীর চৌধুরী নাট্যোত্সব : শিল্পকলা একাডেমীর আয়োজন ও নাট্যকলা বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত শহীদ মুনীর চৌধুরী স্মরণে দুইদিনব্যাপী নাট্যোত্সবের সমাপনী দিন ছিল শুক্রবার। এদিন সন্ধ্যায় একাডেমীর স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হয় আরণ্যক নাট্যদলের ‘কবর’। শহীদ মুনীর চৌধুরী রচিত এই নাটকটির নির্দেশনায় ছিলেন আবু হাশিম মাসুদ। এর আগে সংক্ষিপ্ত আলোচনাসভায় বক্তব্য রাখেন নাট্যজন মামুনুর রশীদ।
আলিয়ঁস ফ্রঁসেজে ‘ফ্রম দ্যা স্টেশন’ শীর্ষক ছাপচিত্র প্রদর্শনী : আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে চলছে ‘ফ্রম দ্যা স্টেশন’ শিরোনামের তরুণ শিল্পী নিত্যানন্দ গাইনের প্রথম একক ছাপচিত্র প্রদর্শনী। শুক্রবার এ প্রদর্শনী শুরু হয়েছে। প্রদর্শনীতে ৩২টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। দু্ই সপ্তাহের এ প্রদর্শনী চলবে ১৪ মার্চ পর্যন্ত। প্রদর্শনী সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
