গৃহবধূ ও গাড়ি চালকসহ তিনজন খুন

আপডেট : ০২ মার্চ ২০১৩, ২২:২৩
রাজধানীতে পৃথক ঘটনায় ৩ জনকে হত্যা করা হয়েছে। মোহাম্মদপুরে গৃহবধূ কোহিনূর বেগম (২৫), উত্তরখানে তাজিরুল ইসলাম তাজু (২৭) ও মিরপুরে অজ্ঞাত পরিচয় (২৫) এক যুবক নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। পুলিশ জানায়, শুক্রবার রাতে মোহাম্মদপুরের বছিলা রোডের একটি বাসা থেকে কোহিনূরের গলাকাটা ও মাথায় আঘাতপ্রাপ্ত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে, পারিবারিক কলহের জের ধরে স্বামী তপু তাকে হত্যা করতে পারে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা করা হয়েছে। ঘটনার পর তপু পলাতক। অপরদিকে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে মিরপুর সেনপাড়া পর্বতার পুরাতন হাতির গলির একটি হোটেলের সামনে থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার হাতে ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে। নিহতের পরনে ছিল লাল গেঞ্জি ও নীল রংয়ের জিন্স প্যান্ট। উত্তরখান থানা পুলিশ জানায়, শুক্রবার তাজিরুল ইসলাম তাজু নামে বৈদ্যুতিক চার্জচালিত এক ইজিবাইক চালককে জবাই করে খুন করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের বাবা একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনায় জড়িত কাউকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই নূরুজ্জামান গতকাল জানান, স্থানীয় পুলারটেক রাস্তার পাশে শুক্রবার দুপুর দেড়টার দিকে অজ্ঞাত সন্ত্রাসীরা ইজিবাইক চালক তাজুর গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা হয়েছে। এ হত্যাকাণ্ডের তদন্ত চলছে। নিহতের বাবার নাম আবদুর রহিম। উত্তরখানের ইজিবাইক চালক তাজু উজামপুরে সপরিবারে থাকতেন।