ঢাবিতে ৪৭তম সমাবর্তন কাল

আপডেট : ০২ মার্চ ২০১৩, ২২:২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৭তম আগামীকাল সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের সমাবর্তনে প্রায় সাত হাজার ৬০০ গ্রাজুয়েট শিক্ষার্থী ও গবেষক সনদপত্র ও পদক গ্রহণ করবেন। দেশে বিদ্যমান রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যেই বিশ্ববিদ্যালয়ের এ সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস জানায়, সোমবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তন অনুষ্ঠান শুরু হবে। সমাবর্তন বক্তা হিসাবে উপস্থিত থাকবেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। সমাবর্তনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে অনারারি ডক্টরেট অব ল’জ প্রদান করবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ সহযোগিতামূলক ভূমিকা রাখায় ভারতের প্রথম এ রাষ্ট্রপতিকে এ ডিগ্রি প্রদান করা হবে। এদিকে প্রণব মুখার্জীর আগমনের প্রতিবাদ জানিয়েছে সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য। গতকাল দুপুরে তারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে প্রণব মুখার্জীর কুশপুত্তলিকা দাহ করে। এর আগে প্রণব মুখার্জীকে সমাবর্তন বক্তা এবং অনারারী ডক্টরেট ডিগ্রি প্রদানের প্রতিবাদে ও এ সিদ্ধান্ত পরিবর্তন করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সংগঠনটি। সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ফেডারেশনের সভাপতি সামিউল আলম রিচি, পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক থুইক্য চিং মারমা, শান্তনু সুমন প্রমুখ।