জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন বলেছেন, স্বাধীনতার বিরোধী শক্তি বাংলাদেশের রাজনীতিতে অনুপ্রবেশ করেছে। তিনি বলেন, নতুন প্রজন্মকে এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। স্বাধীন বাংলাদেশ থেকে জামায়াত-শিবিরকে নিশ্চিহ্ন করতে হবে।
শাহবাগের প্রজন্ম চত্বরের ডাকে ‘জাতীয় পতাকা উত্তোলন ও ছাত্র-শিক্ষক সমাবেশ’ কর্মসূচি উদ্বোধনকালে উপাচার্য এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বারে গতকাল বেলা এগারোটায় জাতীয় পতাকা উত্তোলনের এ কর্মসূচি পালন করা হয়। এতে উপাচার্য আরো বলেন, জামায়াত-শিবির বাংলাদেশের পতাকা ও শহীদ মিনারে বিশ্বাস করে না। এজন্যই তারা আমাদের পতাকা পুড়িয়েছে ও শহীদ মিনার ভাংচুর করেছে। স্বাধীনতার বিরোধী এ অপশক্তি বাংলাদেশের বিরুদ্ধে এখনো নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছে। হত্যা করেছে কারাগারে আটক জাতীয় চার নেতাকে। তাই এদের প্রতিরোধে নতুন প্রজন্ম যে আন্দোলন শুরু করেছে সেই আন্দোলনে আমাদের বিজয়ী হতে হবে। উপাচার্য প্রজন্ম চত্বরের ঘোষিত সকল কর্মসূচির সঙ্গেও একাত্মতা প্রকাশ করেন। এছাড়া উপাচার্য প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন। বিশ্ববিদ্যালয়ের হলসমূহেও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
