যুদ্ধাপরাধের বিচার হতে হবে আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী

আপডেট : ০২ মার্চ ২০১৩, ২২:২৬
বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর। শুক্রবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে এই উদ্বেগের কথা জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র প্যাট্রিক ভেন্ট্রেল। প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করে ভেন্ট্রেল বলেন: একটি হিন্দু মন্দিরে হামলার খবরও পেয়েছি। শান্তিপূর্ণ বিক্ষোভ করা একটি মৌলিক গণতান্ত্রিক অধিকার। তবে আমরা বিশ্বাস করি, সহিংসতা কখনো প্রতিবাদের ভাষা হতে পারে না। ভেন্ট্রেল বলেন: যারা যুদ্ধাপরাধ ও বর্বরতা সংঘটিত করেছে, তাদের বিচার করা খুবই গুরুত্বপূর্ণ। এ বিচারগুলো অবশ্যই অবাধ, নিরপেক্ষ, স্বচ্ছ হবে এবং নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনের অধীনে বাংলাদেশের বাধ্যবাধকতার সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে কোনো সহযোগিতা চেয়েছে কিনা জানতে চাইলে মুখপাত্র বলেন: কোনো ধরনের সহায়তা চাওয়ার খবর আমার জানা নেই।