সাংবাদিক কর্মচারীদের জন্য পূর্ণাঙ্গ রোয়েদাদ ঘোষণার ব্যাপারে অষ্টম ওয়েজবোর্ডের অস্বাভাবিক দীর্ঘসূত্রিতার ঘটনায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। গতকাল সংগঠনের এক যৌথ বিবৃতিতে সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক শাবান মাহমুদ বলেন, সাংবাদিক সমাজের প্রত্যাশা ছিল ওয়েজবোর্ডের নির্ধারিত সময় ২০১২ সালের ডিসেম্বর মাসের মধ্যে পূর্ণাঙ্গ রোয়েদাদ ঘোষণা হবে। কিন্তু বোর্ডের কার্যক্রমে অনাকাঙ্ক্ষিত স্থবিরতার কারণে তা হয়নি এবং বোর্ডের মেয়াদ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দুই মাস বাড়ানো হয়।
তারা বলেন, বর্ধিত সময় অতিক্রান্ত হবার পরও রোয়েদাদ ঘোষণা না হওয়ায় এবং আরো ৪ মাস মেয়াদ বাড়ানোর ঘটনায় সাংবাদিক কর্মচারীদের মধ্যে গভীর হতাশা দেখা দিয়েছে। নেতৃবন্দ বলেন, ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজের বহু আন্দোলন সংগ্রাম ও পরিশ্রমের ফল হচ্ছে এই ওয়েজবোর্ড। এ বোর্ড যদি আগামী ১ মাসের মধ্যে রোয়েদাদ না দিতে পারে, তাহলে এ বোর্ডের পরিণতি ৬ষ্ঠ ওয়েজবোর্ডের মতো হতে পারে বলেও সাংবাদিক নেতৃবৃন্দ আশঙ্কা প্রকাশ করেন। বিবৃতিতে তারা ইতিমধ্যে ঘোষিত ৫০ ভাগ মহার্ঘভাতা অবশিষ্ট সকল পত্রিকা ও সংবাদ সংস্থায় বাস্তবায়নের জন্যও আহ্বান জানান।
