ঘনঘন হরতাল কর্মসূচি দেয়ায় এফবিসিসিআই, বিজিএমইএ ও বিকেএমইএ উদ্বেগ প্রকাশ করে হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। পোশাক শিল্পের অস্তিত্ব নিয়ে শঙ্কা প্রকাশ করে তৈরি পোশাক শিল্প মালিকদের প্রতিষ্ঠান বিজিএমইএ ও বিকেএমইএ এক বিজ্ঞপ্তিতে বলেছে, ঘনঘন হরতাল কর্মসূচি মাঝারি ও ছোট পোশাক প্রতিষ্ঠানগুলোকে রুগ্ন হওয়ার ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে। এভাবে চলতে থাকলে বেসরকারি খাতে সর্ববৃহত্ কর্মসংস্থানকারী পোশাক শিল্পের অস্তিত্ব কোনভাবেই ধরে রাখা সম্ভব হবে না । এছাড়া পৃথক বিজ্ঞপ্তিতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই বলছে, গত কয়েকদিনের হরতালের কারণে উদ্ভূত অস্থিরতা ও অস্থিতিশীল পরিবেশের ক্ষতি কাটিয়ে না উঠতেই পুনরায় আগামী ৩ থেকে ৫ মার্চ একটানা ৭২ ঘণ্টা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করায় সমগ্র ব্যবসায়ী সমাজ গভীর উদ্বেগ ও উত্কণ্ঠা ব্যক্ত করছে।
বিজিএমইএ ও বিকেএমইএর বিজ্ঞপ্তিতে হরতালকে আত্মঘাতী বলে উল্লেখ করে সংগঠন দুটি বলেছে, অনেক শিল্প-কারখানা বন্ধ হয়ে বেকার সমস্যা বেড়ে যাবে, শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগও নিশ্চিতভাবেই ব্যাহত হবে এবং আর্থ-সামাজিক কাঠামোর ভারসাম্যও বিনষ্ট হবে যা কাম্য নয়। বাংলাদেশ বর্তমানে একটি স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখছে। এই মুহূর্তে এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য দরকার একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ যা প্রকারান্তরে আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে।
