অডিও বাজারের সকল শিল্পীই বর্তমানে রাজনৈতিক অস্থিরতার কারণে নিজেদের অ্যালবাম রিলিজ স্থগিত রেখেছেন। প্রত্যেক প্রযোজনা প্রতিষ্ঠানেই খোঁজ নিয়ে এই একই তথ্য পাওয়া যায় ঘুরে ফিরে। আর এই স্থগিত কর্মসূচিতে তপুও তার বহু প্রতীক্ষিত অ্যালবামটিও আপাতত রিলিজ দিচ্ছেন না। নিজের আপকামিং অ্যালবাম ‘আর তোমাকে’ নিয়ে তাই আরো খানিকটা নিরীক্ষা করছেন। অ্যালবাম রিলিজ প্রসঙ্গে বলেন, ‘এখন, এই সময় অ্যালবাম রিলিজ দিয়ে কোনো লাভ নেই। তাই নিজে থেইে চুপচাপ আছি। বলা যায়, আমরা সবাই এখন একটা শান্তি বা একটা সুষ্ঠু সমাধানের অপেক্ষায় রয়েছি।’
তবে গানের পাশাপাশি কণ্ঠশিল্পী তপুর নতুন আরও একটি দায়িত্ব যোগ হয়েছে, তা হলো সম্প্রতি অডিও প্রতিষ্ঠান জি-সিরিজের অঙ্গ প্রতিষ্ঠান জি টেকনোলজিতে জয়েন করেছেন তিনি। এ প্রশ্নে তিনি বলেন, ‘আমাদের শিল্পী সকলকে এক করতেই আমার এই চেষ্টা। কারণ এখন একতাবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। আর আমি যেহেতু নিজেই শিল্পী হিসেবে এখন এই প্রতিষ্ঠানের রিংটোন, ওয়াপসহ বিভিন্ন কিছু দেখভাল করব সে ক্ষেত্রে শিল্পীদের কাছেও একটা আস্থার জায়গা তৈরি হয়েছে। তাই শিল্পীদের সাথে নিয়েই একটা সুষ্ঠু সমাধান খোঁজার তাগিদে কাজ করে যেতে চাই।’
