বার্সাকে হারিয়ে ইউনাইটেডের মোকাবেলায় প্রস্তুত রিয়াল

আপডেট : ০৩ মার্চ ২০১৩, ২০:৫৩
মৌসুমের শুরুটা মোটেই ভালো ছিল না রিয়াল মাদ্রিদের। তবে, সময়ের সাথে সাথে নিজেদের জাত চেনাতে শুরু করেছে তারা। লা লিগায় নিজেদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে টানা দুটি ম্যাচ জয়ই এর প্রমাণ। শুধু তাই নয় আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে শক্তিশালী ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হওয়ার আগে কোচ হোসে মরিনহোর দল নিজেদের উজ্জীবিত করে নিল স্যান্টিয়াগো বার্নাব্যুতে লিওনেল মেসির দলকে ২-১ গোলে হারিয়ে। কোপা দেল রে’র সেমিফাইনালে দুই লেগ মিলিয়ে বার্সেলোনাকে ৩-১ গোলে হারানো রিয়াল মাদ্রিদ গত শনিবারের এ খেলায় ক্রিস্টিয়ানো রোনালদোসহ সাতজনকে বদলিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে নেমেছিল। তারপরও জয় পেতে সমস্যা হয়নি মাদ্রিদের দলটির। ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের জন্য তাই যথেষ্ট আত্মবিশ্বাসীই মনে হচ্ছে মরিনহোকে। আর দলের রক্ষণভাগের খেলোয়াড় পেপেও মনে করেন, সামনের ম্যাচের জন্য প্রস্তুত রিয়াল মাদ্রিদ। পর্তুগীজ ডিফেন্ডার পেপে বলেন, ‘আমরা এখন নিজেদের ফর্মের সেরা সময় পার করছি। কোচ বেঞ্চের খেলোয়াড়দের উপর ভরসা করেছেন এবং তারা সেই মর্যাদা রাখতে পেরেছেন।’ সর্বশেষ এল ক্লাসিকোটির ব্যাপারে নিজের সন্তোষ প্রকাশ করে পেপে বলেন, ‘দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে আমরা জয় পেয়েছি। এমনকি যে দলের বিপক্ষে খেলেছি তাদের সামর্থ্য নিয়ে কারোরই সন্দেহ নেই। তাই ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে আমাদের এই আত্মবিশ্বাস কাজে দিবে। এই জয়ে গোটা দল অনেক আনন্দিত আর এখন আমাদের সকল চিন্তা মঙ্গলবারের ম্যাচকে ঘিরে।’ রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা অবশ্য শনিবারের এ লড়াইয়ে ৮২ মিনিট পর্যন্ত ১-১ গোলের সমতায় ছিল। এমন অবস্থায় কর্ণার থেকে বল পান লুকা মড্রিচ। তার ক্রসে মাথা ছুঁয়ে দলকে দারুণ এক জয় এনে দেন রিয়াল মাদ্রিদের সার্জিও রামোস। এর আগে ম্যাচের ষষ্ঠ মিনিটে গোল করে নিজেদের মাঠে রিয়ালকে এগিয়ে নেন ফরাসী স্ট্রাইকার করিম বেনজেমা। গোল পোস্টের সামান্য দূর থেকে নেয়া তার ডান পায়ের শটে পরাস্ত হন কাতালান গোলরক্ষক ভিক্টর ভালদেস। ১৮ মিনিটে সমতা ফেরান বার্সেলোনার আর্জেন্টাইন তারকা মেসি। এটা মেসির এবারের স্প্যানিশ মৌসুমে ৫০তম গোল। ঘটনাবহুল এই খেলায় হলুদ কার্ড দেখেন দুদলের মোট দশজন খেলোয়াড়। লাল কার্ড পান বার্সার গোলরক্ষক ভিক্টর ভালদেস। রোনালদো মূল একাদশে না থাকলেও ৫৭ মিনিটে করিম বেনজেমার বদলি হিসাবেই মাঠে নামেন। বার্সেলোনার হারের পরও লা লিগার শিরোপা লড়াইয়ের গতি প্রকৃতি খুব একটা বদলায়নি। কেননা ২৬ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ। তাদের থেকে এক পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। তবে এই হারের পরও লিগ শিরোপা নিয়ে খুব বেশি দুশ্চিন্তায় নেই বার্সেলোনা। দলের সদস্য জর্ডি অ্যালবা বলেন, ‘আমরা এখনও রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদের থেকে অনেক ব্যবধানে এগিয়ে আছি। তাই এই ম্যাচে হার আমাদের খুব একটা ভাবাচ্ছে না।’