শীর্ষ ২৩ ক্রিকেটারকে নিষিদ্ধ করার পর শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি) ও খেলোয়াড়দের মধ্যে সমঝোতার চেষ্টায় মাঠে নেমেছেন দলটির সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধান নির্বাচক সনথ জয়সুরিয়া। গতকাল রাতেই খেলোয়াড়দের সঙ্গে প্রথম দফা বৈঠক করার কথা জয়সুরিয়ার। তিনি এই বৈঠকের আগে আশা প্রকাশ করেছেন, খুব দ্রুত অচলাবস্থা কেটে যাবে। এর আগে কেন্দ্রীয় চুক্তিতে স্বাক্ষর না করায় ২৩ শীর্ষ ক্রিকেটারকে আন্তর্জাতিক ম্যাচে খেলা থেকে বিরত রাখতে নির্বাচকদের অনুরোধ জানিয়েছে ক্রিকেট বোর্ড। এ ছাড়া তাদেরকে সব ধরনের জাতীয় পর্যায়ের সুবিধা ও খেলা থেকে বিরত রাখারও ঘোষণা দিয়েছে বোর্ড। এর মধ্যে বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজও রয়েছে।
খেলোয়াড়দের চুক্তির মেয়াদ শেষ হয়েছে ২৮ ফেব্রুয়ারি। ক্রিকেট বোর্ড ২ মার্চ খেলোয়াড়দের চুক্তির সময়সীমা বেঁধে দিলেও তারা চুক্তি করতে অসম্মতি জানায়। শ্রীলংকান ক্রিকেট বোর্ডের সভাপতি উপল ধর্মদাসা বলেন, ‘আমরা সকল খেলোয়াড়ের সাথে কথা বলেছি। আমরা তাদেরকে আমাদের কথা বলেছি, ওদের কথাও শুনেছি। কিন্তু আমরা তাদের বলেছি আমাদের কিছুই করার নেই। আমরা আমাদের নীতিতে অটল থাকব। শ্রীলংকা ক্রিকেট বোর্ড থেকে তারা ফিজিও, ম্যাসিউর, কোচের যে সুযোগ সুবিধাগুলো পেত; সেটাও আর পাবে না। তারা আমাদের ভেন্যুতে এসে প্রাকটিসও করতে পারবে না’।
বাদ পড়া ক্রিকেটারের মধ্যে রয়েছেন নতুন টেস্ট অধিনায়ক অ্যাঞ্জেলা ম্যাথুয়েস ও টি-টোয়েন্টি অধিনায়ক দিনেশ চন্দিমলও। এই সিদ্ধান্তের কারণে বাংলাদেশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচ থেকে বাদ পড়েছেন কুমারা সাঙ্গাকারা। ম্যাথুয়েস ও চন্দমল মাত্র দুই সপ্তাহ আগে অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এখন পর্যন্ত তাদের অধীনে কোন ম্যাচ খেলেনি শ্রীলংকা। এসএলসি সভাপতি বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে খেলোয়াড়দের নিষিদ্ধ করবে না যদি তারা চুক্তিতে সই করে। খেলোয়াড়দের নিষিদ্ধ করার প্রথম আঘাত পড়েছে সাঙ্গাকারার উপর। বক্সিং ডে’তে আঙ্গুলে ব্যথা পাওয়া সাঙ্গাকারা পুরোপুরি সেরে ওঠার জন্য তিনদিনের প্রস্তুতি ম্যাচকে বেছে নিয়েছিলেন। এমনকি প্রস্তুতি ম্যাচে ভালো খেললে আন্তর্জাতিক ম্যাচেও তার ফিরে আসার সম্ভাবনা ছিল। কিন্তু এসএলসির সিদ্ধান্তের কারণে সেটা আর হল না। ধর্মদাসা আরো বলেন, ‘খেলোয়াড়দের সাথে এসএলসি আর কোন সভা করবে না। তবে তাদেরকে তাদের মতামত লিখে দেয়ার জন্য বলা হয়েছিল’। শ্রীলংকান ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তের কারণে বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে দল গোছানোই কঠিন হয়ে পড়বে নির্বাচকদের জন্য। জানা গেছে, প্রধান নির্বাচক সনথ জয়সুরিয়া খেলোয়াড়দের সাথে আলোচনার জন্য বসবেন। উল্লেখ্য, আইসিসির ইভেন্ট থেকে শতকরা ২৫ ভাগ অর্থ খেলোয়াড়দের পাওয়ার কথা থাকলেও এখন বোর্ড সেটা দিতে অস্বীকৃতি জানিয়েছে। এমনকি আইপিএল খেলার সময় তাদের পারিশ্রমিক বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়ায় খেলোয়াড়রা নতুন চুক্তিতে সই করতে চায়নি। এই বিষয়গুলো নিয়ে খেলোয়াড়দের সাথে বোর্ডের চুক্তি নিয়ে ঝামেলা সৃষ্টি হয়েছে।
