বাংলাদেশের জীবন মরণ লড়াই আজ

আপডেট : ০৩ মার্চ ২০১৩, ২০:৫৪
গ্র্যান্ড হোটেলের জানালার পর্দা সরিয়ে দিলে দু’চোখে শুধুই আকাশ ছোঁয়া পাহাড়। অনেক পাহাড়ে বরফ জমে সাদা হয়ে গেছে। পাহাড়ের পাশ দিয়ে ছুটে চলছে যাত্রীবাহি বিমান। ফিলিস্তিনের বিরুদ্ধে ম্যাচের আগে এই সব মনোরম দৃশ্য দেখে খেলোয়াড়দের মন চাঙ্গা হয়ে যেত। কিন্তু অপ্রত্যাশিত হারের পর পর্দা সরিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখার আগ্রহ নেই এখন ফুটবলারদের। কারণ চ্যালেঞ্জ কাপ ফুটবলের ‘ডি’ গ্রুপের বাছাই পর্বে আজ নেপালের সাথে বাংলাদেশের যে টিকে থাকার লড়াই। এতে জিততে না পারলে বাংলাদেশকে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হবে। জয় পেলে টিকে থাকবে উপরে ওঠার সম্ভাবনা। নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশের সময় বিকাল পাঁচটা ২০ মিনিটে। বাংলাদেশ ও নেপাল এ পর্যন্ত ১৭ বার মুখোমুখি হয়। এর মধ্যে বাংলাদেশ ১১ বার জিতেছে। ড্র হয়েছে একবার, বাংলাদেশ হেরেছে পাঁচবার। বাংলাদেশের বিরুদ্ধে নেপাল শেষবার জিতেছে ২০১১ সালে দিল্লী সাফ চ্যাম্পিয়নশিপে। গত বছর নেপালের সাথে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। পুরনো কিছু নিয়ে ভাবতে নারাজ নেপালের পোলিশ কোচ জ্যাক স্টিফানোসকি এবং বাংলাদেশের ডাচ কোচ ক্রুইফ। তারপরও বাস্তবতা হচ্ছে প্রথম ম্যাচে ফিলিস্তিনের কাছে হেরে বাংলাদেশ পিছিয়ে পড়েছে। অপরদিকে স্বাগতিক নেপাল উদ্ধোধনী দিনে নর্দান মারিয়ানার বিরুদ্ধে জিতে মানসিকভাবে চাঙ্গা আছে। নেপাল এ টুর্নামেন্টের আগে গত ১৩টি খেলায় অংশ নিলেও কোন জয় নেই। পাকিস্তানের কাছে সমপ্রতি দুটি প্রস্তুতি ম্যাচ খেলেও হেরেছে। এরপরও জয় দিয়ে সূচনা করায় নেপালীদের মনে এখন পাহাড় সমান শক্তি। বাংলাদেশের ফুটবলাররাও এই শক্তিকে ছাড়িয়ে যেতে প্রস্তুত। গতকাল নেপালের আর্মি ট্রেনিং ইন্সটিটিউট গ্রাউন্ডে সকালে বাংলাদেশ এবং বিকালে নেপাল অনুশীলন করে। বিকালে বাংলাদেশ ফুটবলারদের ফিলিস্তিনের ম্যাচের ভুলগুলো ধরিয়ে দেয়া হয়। কোচ ক্রুইফ জানিয়েছেন তার ছেলেরা ফিলিস্তিনের বিরুদ্ধে ৬০ মিনিট পর্যন্ত ম্যাচে ছিলেন। এরপর মনসংযোগ রাখতে পারেননি। শক্তি নেই খেলোয়াড়দের। নেপালের পোলিশ কোচ জ্যাক স্টিফানোসকি যুক্তরাষ্ট্রে থাকেন। তার ফুটবল ক্যারিয়ার কিংবা কোচিং ক্যারিয়ার কোনোটাই সমৃদ্ধ নয়। তারপরও কয়েক মাস আগে নেপাল জাতীয় দলের দায়িত্ব নিয়ে তিনি একটা সাফল্য তুলে দিতে চাইছেন। বলেছেন সাফ অঞ্চলে সেরা খেতাবটা নিতে চান। স্বল্প সময়ের আলোচনায় জানিয়ে গেলেন তার দল নর্দান মারিয়ানাকে হারিয়ে উজ্জীবিত অবস্থায় রয়েছেন তারা। বাংলাদেশ সম্পর্কে তার জানা ছিল না। ফিলিস্তিনের বিরুদ্ধে ম্যাচ দেখে প্রশংসা করেছেন। আজ বাংলাদেশের প্রতিপক্ষ শুধুই নেপালই নয়, বিরুদ্ধে থাকবে ২০ হাজার স্বাগতিক সমর্থকও। ডাচ কোচ ক্রুইফও সেটা মানছেন। কেননা তার মতে ফুটবলে এটাই নিয়ম। এদিকে জাতীয় দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মামুনুল ইসলাম বলেন, ‘অতীত ফলাফল দেখে কোনো লাভ নেই। এখন আমরা কি করব সেটাই বড় কথা।’ স্ট্রাইকার মিঠুন বললেন, ‘জীবন নিয়ে ফিরতে হলে ম্যাচ জিততে হবে আজ।’ দলে কোন পরিবর্তনের কথা বলেননি কোচ। তবে ইনজুরির কারণে প্রাণতোষ খেলতে পারবেন না। তার বদলে দলে থাকবেন মিশু।