মুরালি বিজয় ও চেতেশ্বর পূজারার জোড়া সেঞ্চুরিতে হায়দ্রাবাদ টেস্টের দ্বিতীয় দিনেই চালকের আসনে বসে গেছে ভারত। বিজয় ও পূজারার সেঞ্চুরিতে দিন শেষে মাত্র ১ উইকেট হারিয়ে ৩১১ রান তুলেছে স্বাগতিকরা। ফলে এখন ৭৪ রানে এগিয়ে আছে ভারত। প্রথম দিন ৯ উইকেটে ২৩৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। এরপর ব্যাটিং-এ নেমে বিনা উইকেটে ৫ রান তুলে দিন শেষ করে ভারত। তাই অসিদের চেয়ে ২৩২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনে খেলতে নামে স্বাগতিকরা। এ টেস্টেও উদ্বোধনী জুটিতে ভারতকে বড় স্কোর এনে দিতে ব্যর্থ হয়েছেন বিরেন্দার শেবাগ ও মুরালি বিজয়। বড় জুটি না হবার পিছনে পুরোপুরি দায়ী শেবাগ। মাত্র ৬ রান করে ভারতের প্রথম ব্যাটসম্যান হিসেবে প্যাভিলিয়নে ফিরেন তিনি। ফলে দলীয় ১৭ রানেই প্রথম উইকেট হারায় টিম ইন্ডিয়া। শেবাগের ফিরে যাবার পর বিজয়ের সাথে জুটি বাঁধেন পূজারা। প্রথম দুই সেশনে বেশ ধীর হলেও তৃতীয় ও শেষ সেশনে দারুণ মারমুখী হয়ে উঠেন বিজয় ও পূজারা। অসি বোলারদের উপর ব্যাট হাতে ছড়ি ঘুড়িয়ে ৩০ ওভারে দলকে এনে দেন ১৫১ রান। ফলে লিড পেয়ে যায় দল। সেই সাথে দু’জনই পেয়ে যান সেঞ্চুরি। প্রথমে তিন অংকে পা রাখা পূজারা দিন শেষে অপরাজিত আছেন ১৬২ রানে। তার ২৫১ বলের ইনিংসে ২৫টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির মার ছিল। টেস্ট ক্যারিয়ারে চতুর্থ সেঞ্চুরির স্বাদ পেয়েছেন পূজারা।
আর টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পাওয়া বিজয় দিন শেষ করেন ১২৯ রানে। ২৮৮ বল মোকাবেলা করে ১৭টি চারের পাশাপাশি ২টি ছক্কাও হাকান বিজয়। আর দ্বিতীয় উইকেট জুটিতে দু’জনে যোগ করেন ২৯৪ রান। এ জুটি আরও ৫১ রান করলে ভারতের দ্বিতীয় উইকেট জুটিতে নতুন রেকর্ড গড়বেন বিজয় ও পূজারা। একমাত্র উইকেটটি নিয়েছেন অস্ট্রেলিয়ার পেসার পিটার সিডল। -বাসস/এএফপি
