কাগাওয়া’র জাদুতে ইউনাইটেডের জয়

আপডেট : ০৩ মার্চ ২০১৩, ২১:০১
এশিয়ার প্রথম ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক করলেন শিনজি কাগাওয়া। শনিবার ওল্ড ট্রাফোর্ডে জাপানের মিডফিল্ডার কাগাওয়ার নৈপুণ্যে ম্যানচেস্টার ইউনাইটেড ৪-০ গোলে হারায় নরউইচ সিটিকে। এই জয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে এক নম্বরে থাকা ইউনাইটেড নিকটতম প্রতিদ্বন্দ্বী দ্বিতীয় স্থানে থাকা বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি থেকে ১৫ পয়েন্ট ব্যবধানে এগিয়ে গেল। ইউনাইটেডের নগর প্রতিদ্বন্দ্বী সিটি আজ সোমবার মোকাবিলা করবে অ্যাস্টন ভিলার। লিভারপুল একই রাতে লুইস সুয়ারেজের হ্যাটট্রিকে ৪-০ ব্যবধানে হারায় স্বাগতিক উইগান অ্যাথলেটিককে। ইউনাইটেডের রবিন ফন পার্সিকে টপকে গোলদাতাদের তালিকায় এক নম্বরে উঠে এসেছেন সুয়ারেজ। ২১ গোল করে সুয়ারেজ গোলদাতাদের তালিকায় শীর্ষে রয়েছেন। অন্যদিকে ১৯ গোল নিয়েই দুই নম্বরে পার্সি। শনিবারের ম্যাচে গোল করতে ব্যর্থ হন নেদারল্যান্ডসের এই ফুটবলার। লিভারপুলের শেষ চারের আশাও বেঁচে রয়েছে। চেলসি স্টামফোর্ড ব্রিজে ডেম্বা বা‘র গোলে ভর করে ১-০ ব্যবধানে হারায় ওয়েস্টব্রুমউইচ আলবিয়নকে। এই জয়ে চেলসি টটেনহ্যামকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে। রায়ান গিগসকে ছাড়াই জয় তুলে নিল ইউনাইটেড। প্রথমার্ধে নিজের ও দলের প্রথম গোল করেন কাগাওয়া। এই গোলটি প্রিমিয়ার লিগে ইউনাইটেডের ৯০০তম গোল ছিল। দ্বিতীয়ার্ধে করেন অপর দুটি গোল। অন্তিম মুহূর্তে দলের চতুর্থ গোলটি করেন ওয়েইন রুনি। অ্যালেক্স ফার্গুসনের দল ইউনাইটেড ২০তম প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের পথে ভালভাবেই এগিয়ে চলেছে। আগামীকাল মঙ্গলবার ওল্ড ট্রাফোর্ডেই চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ফিরতি লেগে ইউনাইটেড মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের। গিগসকে বিশ্রামে রাখা হয়েছিল এই ম্যাচে চনমনে রাখার জন্যই। গতকাল রবিবার টটেনহ্যাম ও আর্সেনালের ম্যাচ ছিল। আন্দ্রে ভিলাস বোয়াসের দল কাল জয় পেয়ে আবারো চেলসিকে হটিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে যাবে। ২৮ খেলা শেষে ইউনাইটেড ২৩ জয় নিয়ে ৭১ পয়েন্ট অর্জন করে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। এক ম্যাচ কম খেলে সিটি ৫৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে। চেলসি ২৮ ম্যাচে ৫২ পয়েন্ট অর্জন করে তিন নম্বরে থাকলেও এক ম্যাচ কম খেলে টটেনহ্যাম ৫১ পয়েন্ট অর্জন করেছিল। আর্সেনাল ম্যাচটি জিতে নিলেও পয়েন্ট টেবিলের পাঁচেই থাকতে হবে তাদের। আর্সেন ওয়েঙ্গারের দলের অর্জন ২৭ ম্যাচে ৪৭ পয়েন্ট। ওল্ড ট্রাফোর্ডে এটাই প্রথম মৌসুম কাগাওয়ার। আগের মৌসুমে তিনি জার্মানীর বরুশিয়া ডর্টমুন্ডে খেলেছেন। ইনজুরিতেও আক্রান্ত হয়েছেন তিনি। ফার্গুসনও কাগাওয়ার প্রশংসা করেছেন ম্যাচ শেষে। ফার্গুসন বলেন,‘ এটা তার জন্য অসাধারণ ব্যাপার। সে ভাল ফিনিশার এবং দ্বিতীয় গোলটি তার বুদ্ধিমত্তার পরিচয় দেয়। তৃতীয় গোলে সে ছিল আরও দুর্দান্ত।’ শনিবারের ফলাফল চেলসি ১ ওয়েস্টব্রুমউইচ আলবিয়ন ০ এভারটন ৩ রিডিং ১ ম্যানচেস্টার ইউনাইটেড ৪ নরউইচ সিটি ০ সাউদাম্পটন ১ কুইন্স পার্ক রেঞ্জার্স ২ স্টোক সিটি ০ ওয়েস্টহ্যাম ১ সান্দারল্যান্ড ২ ফুলহ্যাম ২ সোয়ানসি সিটি ১ নিউ ক্যাসল ০ উইগান ০ লিভারপুল ৪