শালিখার সফল মাশরুম চাষি মতিয়ার

আপডেট : ০৩ মার্চ ২০১৩, ২১:০৩
মাশরুম চাষ করে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখেন শালিখার বুনাগাতী গ্রামের শারীরিক প্রতিবন্ধী যুবক মতিয়ার রহমান। সে লক্ষ্যে স্থানীয় একটি এনজিও থেকে ১০ হাজার টাকা ঋণ নিয়ে তার নিজ বাড়িতে দুটি কক্ষে শুরু করেন মাশরুম চাষ। এ জন্য সে সাভারের জাতীয় মাশরুম উন্নয়ন ও সমপ্রসারণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে শুরু করেন মাশরুম চাষ। এখন প্রতিদিন প্রকল্প থেকে ৩ কেজি করে মাশরুম উঠে, যার বর্তমান বাজার মূল্য ৯শ’ টাকা। ঐ মাশরুম তিনি যশোর এবং ঢাকায় বিক্রি করে থাকেন। তিনি বলেন, মাশরুম চাষ একটি লাভজনক ব্যবসা, যে কেউ ইচ্ছা করলে এই চাষ শুরু করে আর্থিকভাবে লাভবান হতে পারেন। তিনি আরো জানান মাশরুম পুষ্টিকর, সুস্বাদু ও ঔষধিগুণ সম্পন্ন সবজি হওয়ায় এলাকায়ও এর চাহিদা আছে। এলাকার অনেক যুবক তার কাছে পরামর্শ নিয়ে মাশরুম চাষ শুরু করেছেন। মতিয়ার মাশরুম চাষ আরো ব্যাপকভাবে করতে চান। কিন্তু আর্থিক অনটনের কারণে তা করতে পারছেন না। এর জন্য সরকারি সহযোগিতাসহ সহজ শর্তে ব্যাংক ঋণ প্রয়োজন। এই সহযোগিতা পেলে তিনি নিজেও এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন এমন আশার কথা জানালেন মতিয়ার।