রেশম উন্নয়ন বোর্ড বিল পাস

আপডেট : ০৩ মার্চ ২০১৩, ২১:৪১
দেশে রেশম শিল্পের নাজুক অবস্থা থেকে উত্তরণের জন্য গতকাল রবিবার বিকালে জাতীয় সংসদে রেশম উন্নয়ন বোর্ড বিল-২০১৩ পাস হয়েছে। বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বিলটি উত্থাপন করে পাস করার প্রস্তাব করলে কণ্ঠভোটে তা পাস হয়। এর ফলে রেশম শিল্প সংশ্লিষ্ট তিনটি প্রতিষ্ঠানের ‘সমন্বয়হীনতা’ ও ‘অনভিপ্রেত প্রতিদ্বন্দ্বিতা’ বন্ধ হয়ে এ শিল্পের নাজুক অবস্থা থেকে উত্তরণ হবে। বিলে বাংলাদেশ রেশম বোর্ড, বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং বাংলাদেশ সিল্ক ফাউন্ডেশনকে একীভূত করে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে। বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে। রেশম শিল্পের বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক। এ নাজুক অবস্থা থেকে উত্তরণের জন্য পরিকল্পিত এবং সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। আরো বলা হয়েছে, বিলটি আইনে পরিণত হলে প্রতিষ্ঠান তিনটির বিদ্যমান অচলাবস্থা নিরসন হবে।