তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যে সকল সংবাদপত্র সপ্তম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন করতে পারেনি তাদের নীতিমালা অনুযায়ী বর্ধিত বিজ্ঞাপন হার প্রদান করা হয় না। যে সমস্ত সংবাদপত্র সাংবাদিক/কর্মচারিদের এখনও ৫০ শতাংশ মহার্ঘভাতা প্রদান করেনি তাদের তালিকা প্রণয়নের কাজ চলছে।
গতকাল রবিবার বিকালে স্পিকার মো. আবদুল হামিদ অ্যাডভোকেটের সভাপতিত্বে অধিবেশন শুরু হলে টেবিলে উপস্থাপন করা প্রশ্নোত্তর পর্বে সাধনা হালদারের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী সংসদকে উক্ত তথ্য জানান। আসমা জেরীন ঝুমুর প্রশ্নে তিনি জানান, বর্তমান সরকার সাংবিধানিক নির্দেশনা ও নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্য প্রবাহের অবাধ চলাচল সুনিশ্চিত করেছে। এ কারণে সাংবাদিকরা এবং টেলিভিশন চ্যানেলসহ সকল গণমাধ্যম বর্তমানে পূর্ণ স্বাধীনতা ভোগ করছে।
তথ্যমন্ত্রী আরো জানান, বেসরকারি কোন গণমাধ্যমের সমপ্রচারে সরকার হস্তক্ষেপ করে না। তথাপি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ এবং সরকার সূচিত বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড প্রচার করে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এটি সকলের প্রত্যাশা। তবে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া মিথ্যা সংবাদ ও অপপ্রচার চালিয়ে দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টির অপচেষ্টা চালাবে তা কেউ প্রত্যাশা করে না। সকল মহলই সংবাদমাধ্যমের দায়িত্বশীলতা আশা করে।
