গোলাম আযমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন অব্যাহত

আপডেট : ০৩ মার্চ ২০১৩, ২১:৪২
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সাবেক আমীর গোলাম আযমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন অব্যাহত রয়েছে। যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম আজ সোমবার পর্যন্ত মুলতবি করেছেন বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১। গতকাল গোলাম আযমের বিরুদ্ধে ৬১ নম্বর অভিযোগের বিষয়ে যুক্তি উত্থাপনের মাধ্যমে অভিযোগের বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহমুদ সীমন। এরপর আইনি বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন রাষ্ট্রপক্ষের অপর কৌঁসুলি জেয়াদ আল মালুম। সকালে এসএনএ নাঈম নামে এক জুনিয়র আইনজীবী হরতালের কারণে আসামিপক্ষের সিনিয়র কোন আইনজবীবী ট্রাইব্যুনালে আসতে পারেননি জানিয়ে মামলা মুলতবি চান। ট্রাইব্যুনাল আবেদন না-মঞ্জুর করার পর যুক্তিতর্ক শুরু হয়। গত ১৭ ফেব্রুয়ারি থেকে যুক্তিতর্ক উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ। মীর কাশেম আলীর বিরুদ্ধে ২৪ এপ্রিল অভিযোগ দাখিলের নির্দেশ মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় আটক জামায়াতের নির্বাহী কমিটির সদস্য মীর কাশেম আলীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিলের জন্য আগামী ২৪ এপ্রিল দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল-১ এ নির্দেশ দেন। গতকাল ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করে রাষ্ট্রপক্ষ।