ট্রাইব্যুনালের বিচারাধীন বিষয় ও ট্রাইব্যুনাল নিয়ে বক্তব্য দেয়ায় জামায়াতের তিন নেতাকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেয়ার জন্য আগামী ৬ মার্চ দিন ধার্য করেছেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২। গতকাল রবিবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এ জামায়াত নেতাদের আইনজীবীর সময় প্রার্থনার পর এ দিন ধার্য করা হয়। এ সময় ট্রাইব্যুনাল জানায়, জামায়াতের নেতা রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ এমপি ও মো. সেলিম উদ্দিনকে ট্রাইব্যুনালে হাজির হয়ে আগামী ৬ মার্চ বিষয়টির ব্যাখ্যা দিতে হবে। একই সঙ্গে ঐদিন তাদের হাজির করতে না পারলে তাদের পক্ষে সময় প্রার্থনাকারী আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি জামায়াত নেতাদের পক্ষে আইনজীবীদের সময় প্রার্থনার পর ৩ মার্চ পর্যন্ত সময় বৃদ্ধি করে ট্রাইব্যুনাল। গতকাল সকালে জামায়াতের তিন নেতার পক্ষে আইনজীবী মো. আব্দুল হান্নান বলেন, হরতালের কারণে সিনিয়র আইনজীবীরা উপস্থিত হতে পারেননি। এজন্য আমরা আরো কিছুদিন সময় প্রার্থনা করছি।
