গতকাল সন্ধ্যায় এক জরুরি সাংবাদিক সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলের সিনিয়র নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে কিংবা তাদের গ্রেপ্তার করলে এর পরিণতি হবে ভয়াবহ। মামলা দায়ের করার নিন্দা জানিয়ে তিনি বলেন, গত কয়েকদিনের গণহত্যার পরও সরকারের রক্তের তৃষ্ণা মেটেনি। তারা বিবেক-বুদ্ধি হারিয়ে এখন নর হত্যায় উন্মাদ হয়ে উঠেছে। সরকার ভীত হয়ে তার দলের ভারপ্রাপ্ত মহাসচিবসহ জাতীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, অসত্য মামলা করেছে। সরকারের এই মামলা দায়েরের নিন্দা ও ধিক্কার জানাই।
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে দলের ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, সহ-দপ্তর সম্পাদক আসাদুল করীম শাহিন, যুব দলের সিনিয়র সহ-সভাপতি আবুস সালাম আজাদ, মত্স্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম মাহতাব, কেন্দ্রীয় নেতা রফিক শিকদার প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।
