প্রণব-খালেদা বৈঠক বাতিল করলো বিএনপি

আপডেট : ০৩ মার্চ ২০১৩, ২২:২৪
সফররত ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে বিরোধীদলীয় নেতা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বৈঠক হচ্ছে না। বিএনপির পক্ষ থেকে গতকাল রবিবার বাতিল করা হয়েছে বৈঠকটি। আজ সোমবার বিকাল সাড়ে ৪টায় হোটেল সোনারগাঁওয়ে এই বৈঠক হওয়ার কথা ছিল। বিএনপির সহ-সভাপতি সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী জানান, সোমবার সাক্ষাতের যে সময়সূচি দেয়া হয়েছে, তখন হরতাল থাকবে। হরতালের কারণে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে বিরোধীদলীয় নেতার হোটেল সোনারগাঁওয়ে যাওয়া সম্ভব নয়। বিষয়টি ইতিমধ্যে ভারতীয় হাইকমিশনকে জানানো হয়েছে। তিনি বলেন, বৈঠকটা আসলে ‘আনলাকি’ হয়ে গেছে। তাই আমরা দুঃখিত। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বিএনপির পক্ষ থেকে বৈঠক বাতিল প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, নিজেদের ডাকা হরতালের কারণে বৈঠকটি বাতিল করা হয়েছে। একজন বিদেশি রাষ্ট্র প্রধানের সঙ্গে বৈঠকের সময় নিয়ে তা বাতিল করা শোভন নয়। কূটনৈতিক সূত্র জানায়, বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ভারতীয় রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক বাতিল করায় হতাশ হয়েছে ভারত সরকার। রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সফরসঙ্গী সাংবাদিকদের এক ব্রিফিং-এ ভারতীয় পররাষ্ট্র সচিব রঞ্জন মাথাই প্রশ্নের জবাবে জানান, এক সপ্তাহ আগে দিল্লি থেকে বেগম জিয়ার সাক্ষাত্সূচি নির্ধারিত হয় ও বিএনপি এতে সম্মত ছিল। শনিবার রাতে বিএনপি অফিস থেকে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে ই-মেইল পাঠিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত্ করা সম্ভব নয় বলে জানিয়ে দেয়া হয়। কারণ হিসাবে বাংলাদেশে বিরোধী দলের হরতাল ও এর কারণে নিরাপত্তা সমস্যার কথা বলা হয়। ‘এই বৈঠক বাতিলের ফলে প্রটোকল ভঙ্গ হল কী-না জানতে চাইলে পররাষ্ট্র সচিব কোন মন্তব্য না করে বলেন, বেগম জিয়ার মুখপাত্র এ বিষয়ে বলতে পারবেন। সূত্র জানায়, গত নভেম্বরে ভারত সরকারের আমন্ত্রণে বেগম খালেদা জিয়া নয়াদিল্লি সফরকালে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাত্ করেন এবং ঢাকা সফরের আমন্ত্রণ জানান। এ কারণেই আজকের বৈঠকটি বাতিল হওয়ায় ভারত সরকার হতাশ হয়েছে বলে জানা যায়।