জাতীয় পর্যায়ে গৌরবময় ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার এ বছর আট বিশিষ্ট ব্যক্তিকে ‘স্বাধীনতা পুরস্কার-২০১৩’ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন- ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ ক্ষেত্রে ১৯৭১ সালের ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পাঠকারী ও স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক মরহুম এম এ হান্নান (মরণোত্তর), চট্টগ্রামে মুক্তিযুদ্ধের সপক্ষে ভূমিকা পালনকারী ও পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শাহাদত-বরণকারী চট্টগ্রাম জেলার তদানীন্তন পুলিশ সুপার শহীদ মো. সামসুল হক (মরণোত্তর), মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী ও বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার মো. আবদুল হামিদ, মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী ও ১৯৭২ সালের শুরুতে ঢাকা মিরপুর এলাকা মুক্তকরণে বিশেষ ভূমিকা পালনকারী ডা. মো. মোশারফ হোসেন, মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী ও ভারতে প্রায় চার হাজার মুক্তিযোদ্ধার কবর চিহ্নিতকরণ ও তাদের দেহাবশেষ দেশে আনার কার্যক্রমে বিশেষ ভূমিকা পালনকারী লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির, বীরপ্রতীক, অর্থনীতি ক্ষেত্রে ভাষা সংগ্রামী, মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট অর্থনীতিবিদ স্বদেশ রঞ্জন বোস (মরণোত্তর), সংস্কৃতি ক্ষেত্রে প্রখ্যাত সুরকার, অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা সত্য সাহা (মরণোত্তর) এবং গবেষণা ও প্রশিক্ষণ ক্ষেত্রে কৃষি-গবেষণা ও কৃষির উন্নয়নে বিশেষ অবদান রাখা বিশিষ্ট কৃষিবিদ ড. মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। প্রধানমন্ত্রী শেষ হাসিনা আগামী ২৫ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ পুরস্কার প্রদান করবেন।
