কক্সবাজারে আটকেপড়া চার হাজার পর্যটক গন্তব্যে পৌঁছেছেন

আপডেট : ০৩ মার্চ ২০১৩, ২২:৩৩
মহাসড়ক অবরোধ ও হরতালের কারণে আটকে পড়া প্রায় ৫ হাজার পর্যটকের মধ্যে প্রায় ৪ হাজার পর্যটক বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় বাস, বিশেষ বিমান এবং সমুদ্র পথে স্পিডবোট ও জাহাজযোগে চট্টগ্রাম ও ঢাকায় পৌঁছেছেন । কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার রাতে ৩০টি বাসে করে প্রায় দেড় হাজার পর্যটককে চট্টগ্রাম ও ঢাকা যাওয়ার ব্যবস্থা করা হয়। ওইদিন নিয়মিত ৩টি ফ্লাইট ও বিশেষ বিমানে আরো ৩০০ পর্যটক ঢাকা যান। এছাড়াও স্পিডবোট যোগে মহেশখালী ও কুতুবদিয়া চ্যানেল হয়ে বেশকিছু পর্যটককে চট্টগ্রাম পৌঁছানোর ব্যবস্থা করা হয়। সর্বশেষ গতকাল রবিবার টেকনাফ-সেন্টমার্টিন রুটে চলাচলকারী বে-ক্রোজ নামক জাহাজে করে ২৬০ জন পর্যটককে সমুদ্র পথে চট্টগ্রামের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়। এছাড়া দুইটি ফ্লাইটে আরো ১০০ জন পর্যটক ঢাকার গন্তব্যে পৌঁছে গেছেন বলে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ নুরুল বাসির সাংবাদিকদের জানান। তিনি জানান, কক্সবাজারে এখনো যেসব পর্যটক অবস্থান করছেন তারা ইচ্ছাপোষণ করলে সোমবারও বে-ক্রোজ নামক জাহাজটি পর্যটক নিয়ে চট্টগ্রাম পর্যন্ত যাবে। কক্সবাজারের জেলা প্রশাসক মো. রুহুল আমিন সাংবাদিকদের জানান, প্রায় এক হাজারের মতো পর্যটক বর্তমানে কক্সবাজার রয়েছেন। তারা ইচ্ছা করলে গন্তব্যে পৌঁছানোর বিকল্প রাস্তাগুলো চালু রাখার ব্যবস্থা করা হবে।