চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় এবারই প্রথম শুরু হয়েছে কৃষিকাজে নতুন প্রযুক্তির ব্যবহার। এই নতুন প্রযুক্তিতে চাষিরা ইতোমধ্যেই শুরু করেছে মেশিনে ধান রোপণের কাজ। অল্প খরচে অধিক ফলনের আশায় আধুনিক প্রযুক্তির এই মেশিন অনেকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। উপজেলার কৃষি কর্মকর্তা সূত্রে জানা যায় এই প্রথমবারের মত এলাকায় রাইস ট্রানপ্লিন্টারে ধান রোপণের তিনটি মেশিন উপজেলার কার্পাসডাঙ্গা ও চন্দ্রবাস এলাকায় ভাড়ায় এসেছে। আধুনিক প্রযুক্তির এই ধান রোপণের মেশিন প্রতিঘন্টায় একবিঘা জমিতে ধান রোপণ করতে সক্ষম। ধান রোপণের সময় বাড়তি কোন কৃষি শ্রমিকের দরকার হয় না। কার্পাসডাঙ্গার অনেকেই আধুনিক প্রযুক্তির এই মেশিনে ধান রোপণ করেছেন। আধুনিক এই মেশিন দিয়ে ধান রোপণে খরচ অনেকটাই কম হয় এবং ধানের ফলন ভাল পাওয়া যায় এবং ধানের পরিচর্যা এবং জমিতে সঠিক মাত্রায় সার প্রয়োগ করতেও সুবিধা হয়। কৃষি বিভাগের পরামর্শ ও বীজতলা পরিদর্শনের ফলে সতেজভাবে বেঁচে থাকা বীজতলা থেকে চাষিরা ধানবীজ সংগ্রহ করে ইতিমধ্যেই শুরু করেছে ধান রোপণের কাজ। উপজেলা কৃষিবিদ ও কৃষি কর্মকর্তা কৃপাংশু শেখর বলেন, বর্তমানে নতুন নতুন প্রযুক্তির সাথে রাইস ট্রানপ্লিন্টারে চাষিদের বেশ খরচ কমবে ও উপকার হবে।
