বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় ধারাবাহিকভাবে অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ হওয়ার পর শিবচর সাব-রেজিস্ট্রার মো. নুরুল হক মিয়া দুর্নীতির দায়ে চাকরি হারালেন।
আইন মন্ত্রণালয়ের উপসচিব (নিবন্ধন) অরুণ কুমার গোস্বামী বলেন, অর্পিত সম্পত্তি দলিল করার অভিযোগ প্রমাণিত হওয়ায় নুরুল হক মিয়ার বিরুদ্ধে মন্ত্রণালয় ব্যবস্থা নিয়েছেন। কিন্তু এই দুর্নীতির কার্যক্রম শুধুমাত্র একা সাব-রেজিস্ট্রার দ্বারা সংগঠিত হয়নি, শিবচর সাব-রেজিস্ট্রার অফিসে স্টাফদের একটি সিন্ডিকেট এ ব্যাপারে সরাসরি জড়িত বলে অভিযোগ পাওয়া গিয়েছে। এর সাথে জড়িত আছে শিবচর সাব-রেজিস্ট্রার অফিসের দীর্ঘদিন যাবত্ একই স্থানে চাকরিরত একাধিক কর্মচারী। তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য এলাকাবাসী দাবী জানিয়ে আসছেন।
শিবচর সাব-রেজিস্ট্রার অফিসে সাধারণ মানুষরা নানাভাবে স্থানীয় চাকরিজীবীদের দ্বারা হয়রানি ও আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে ঐ অফিসের অন্য কর্মচারীদের বিরুদ্ধে প্রকাশ্যে উেকাচ অর্থ হাতিয়ে নেয়ার বিষয়টি ওপেনসিক্রেট। অর্পিত সম্পত্তি দলিলের সাথে সম্পৃক্তদের শাস্তি হওয়া প্রয়োজন বলে এলাকাবাসী দাবী করেছেন।
