দুটি চলচ্চিত্রেই ইমন

আপডেট : ০৪ মার্চ ২০১৩, ২০:১৯
চাষী নজরুল ইসলাম তার ‘দেবদাস’ ছবিটি মুক্তির আগে থেকেই বলে আসছিলেন তিনি এ বছর একসাথে দুটি চলচ্চিত্রের কাজ শুরু করবেন। নতুন ধারার গল্পে তৈরি এই ছবির কাহিনীতে চমক থাকবে তা তিনি আগেই বলেছেন। তবে বরেণ্য নির্মাতা চাষী নজরুল ইসলামের নতুন ছবির খবর হলো তিনি তার দুটি ছবির হিরো হিসেবে ইমনকেই বেছে নিয়েছেন। এ প্রসঙ্গে চাষী নজরুল ইসলাম বলেন, ‘আমি আগেই বলেছি ‘দেবদাস’-এর পর আমি আমার নিজের ফর্ম ভাঙার জন্যই কিছু ছবি নির্মাণ করব। এবং আমার আপকামিং এই দুটি ছবির গল্প এর আগে বাংলা সাহিত্য, নাটক বা চলচ্চিত্রে আসেনি। আর অতি আধুনিক চলচ্চিত্রের জন্য আমার ইমনকেই সবচেয়ে পারফেক্ট মনে হয়েছে। একই নির্মাতার দুটি চলচ্চিত্রের কাজ প্রসঙ্গে ইমন বলেন, ‘এটা আমার জন্য অবশ্যই সৌভাগ্যের একই সাথে চ্যালেঞ্জেরও। তবে আমার ক্যারিয়ারের জন্যও একটা বড় টার্নিং বলা যায়। ছবি দুটির গল্প অসাধারণ। আশা করি আমি নির্মাতা থেকে দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারব।’ উল্লেখ্য, গেল কয়েকমাসে সবচেয়ে আলোচিত কয়েকটি ছবির তালিকার প্রায় অধিকাংশেরই হিরো হিসেবে ইমনের নাম আসছে। আর সংখ্যা হিসেবে ইমনের ক্যারিয়ারে সর্বাধিক ছবি এখন তার হাতে। তাই দেশীয় চলচ্চিত্রে ধীরে ধীরে অন্যতম গ্রহণযোগ্য তারকা হিসেবে প্রমাণিত হচ্ছেন তিনি।