অভিনয় থেকে ড্যানিয়েলের বিরতি

আপডেট : ০৪ মার্চ ২০১৩, ২০:১৯
এবারে অস্কার আসরে ‘লিংকন’ ছবিতে অভিনয়ের কারণে ড্যানিয়েল ডে-লুইস সেরা অভিনেতার পুরস্কারটি অর্জন করে। এ নিয়ে ৩টি অস্কার পান তিনি। বিশ্বসেরা পরিচালক স্টিভেন স্পিলবার্গের ‘লিংকন’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেন তিনি। অস্কার অর্জনের পর থেকেই এমনিতেই আলোচনার শীর্ষে তিনি, তবে নতুন করে আবারও আলোচনায় এলেন এক সাক্ষাত্কারের মধ্য দিয়ে। সাক্ষাত্কারে তিনি জানান, অভিনয় থেকে খানিকটা বিরতি নিতে চান তিনি। একেবারে যে অভিনয়টা ছেড়ে দেবেন তা নয়, তবে কিছুদিনের জন্য বিরতি দরকার। অভিনয়টা নিয়ে আরও কিছু ভাবতে চান তিনি। ড্যানিয়েল ডে-লুইস বলেন, ‘আমি ‘লিংকন’ ছবিটি করার পর থেকে ভেবেই পাচ্ছিলাম না কী ধরনের চরিত্রে অভিনয় করলে ‘লিংকন’-এর ধারাবাহিকতাটি ধরে রাখতে পারব। তাই অনেক ছবির স্ক্রিপ্ট আমি ছেড়ে দিয়েছি। সেগুলো যে খারাপ ছিল, তা নয়। ভালো ছিল। কিন্তু ‘লিংকন’-এর কাছাকাছি মনে হয়নি। আর কিছুদিন অভিনয় থেকে বিরতিও নিতে চাচ্ছি। অভিনয়টা নিয়ে আরও বেশি ভাবতে চাই। এই সুযোগে দেখি ভালো স্ক্রিপ্ট খুঁজে পাই কি না।’