কোন শক্তিই ইরান-পাক গ্যাস প্রকল্পে বাধা দিতে পারবে না

আপডেট : ০৪ মার্চ ২০১৩, ২০:৩২
বিশ্বের এমন কোন শক্তি নেই যা ইরান-পাকিস্তান গ্যাস পাইপ লাইন প্রকল্পকে আটকাতে পারে। শনিবার ইসলামাবাদে বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদক ও টিভি চ্যানেলের উপস্থাপকের সঙ্গে এক সাক্ষাত্কারে যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এ কথা বলেন। একইসঙ্গে তিনি বলেন, নির্দিষ্ট সময়ে অর্থাত্ চলতি মাসের ১১ তারিখেই এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। খবর বর্তমান পত্রিকার। ইরান থেকে গ্যাস আনার ব্যাপারে ৭ দশমিক ৫ বিলিয়ন ডলার ব্যয়সাপেক্ষে এই প্রকল্পের রূপরেখা তৈরি হয়েছিল অনেক আগেই। কিন্তু নানা কারণে একসময়ে তা অনেকটা গতি হারায়। অনেক বাধা-বিপত্তি কাটিয়ে অবশেষে তা আলোর মুখ দেখলেও এতে বাধ সাধতে শুরু করে যুক্তরাষ্ট্র। এই প্রকল্পে যুক্তরাষ্ট্র তাদের আপত্তির কথা গত সপ্তাহে ইরান ও পাকিস্তানকে জানিয়ে দেয়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, অনুমোদনসাপেক্ষে কোন প্রকল্পকে বাস্তবায়িত করতে হলে তাদের এড়িয়ে করা যাবে না। তবে জারদারি যুক্তরাষ্ট্রের এই আপত্তিকে চরমভাবে অগ্রাহ্য করে বলেন, পাকিস্তান একটি স্বাধীন, সার্বভৌম দেশ। জাতীয় স্বার্থ সুরক্ষায় অবশ্যই আমাদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রয়েছে। আর এই কারণেই পাকিস্তান যে কোন রাষ্ট্রের সঙ্গে এই চুক্তি করতে পারে। তিনি বলেন, এ ক্ষেত্রে কারো কোন বাধা প্রদান সম্পূর্ণ অনৈতিক। তাই আমরা কারো চাপের কাছে মাথা নত করবো না। জারদারি বলেন, পাকিস্তানে শক্তি সম্পদের চাহিদা দিন দিন বাড়ছে। সেই তুলনায় যোগান অত্যন্ত সীমিত। চাহিদা যোগানের ভারসাম্য বজায় রাখতেই ইরান-পাকিস্তান গ্যাস পাইপ লাইন প্রকল্প যথেষ্ট সহায়ক ভূমিকা পালনে সহায়ক হবে।