উত্তর সিরিয়ায় সেনা-বিদ্রোহী যুদ্ধে নিহত দুইশতাধিক

আপডেট : ০৪ মার্চ ২০১৩, ২০:৩৩
উত্তর সিরিয়ার আলেপ্পোয় এক পুলিশ অ্যাকাডেমির দখল নিয়ে সেনা ও বিদ্রোহীদের সপ্তাহব্যাপী খণ্ডযুদ্ধে নিহতের সংখ্যা দু’শো ছাড়িয়েছে বলে জানিয়েছে মানবাধিকার বিষয়ক এক পর্যবেক্ষক সংস্থা। সিয়িয়ার অভ্যন্তরীণ গোলযোগ নিয়ে গত এক বছর ধরে নজরদারি করে আসছে ওই সংস্থা। প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়েও সোচ্চার তারা। সংস্থার দাবি, গত আটদিনে আলেপ্পোয় ২০০ বিদ্রোহী ও সেনার মৃত্যু হয়েছে। ফরাসি সংবাদ সংস্থা এএফপি’র উদ্ধৃতি দিয়ে কলকাতার বর্তমান পত্রিকার খবরে একথা বলা হয়। ব্রিটেনের সংস্থাটি জানাচ্ছে, আলেপ্পোর পশ্চিমে আসাদবাহিনী শেষ ভিতটুকু ধরে রাখতে মরিয়া। বিদ্রোহীদের দমন করতে গিয়ে প্রাণ হারাতে হয়েছে কমপক্ষে ১২০ জন সেনাকে। আলেপ্পোর ওই পুলিশ অ্যাকাডেমির এক সূত্র বলছে, এখন সেখানে বিদ্রোহীদেরই পাল্লা ভারি। এক ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশ অ্যাকাডেমির ভিতরে একটি বাড়ির উপরে কালো পতাকা লাগিয়ে গিয়েছে বিদ্রোহীরা। প্রেসিডেন্ট আসাদের ছবিও ছিঁড়ে ফেলেছে তারা। এদিকে দেশে গৃহযুদ্ধ চলাকালীন যখন তার প্রস্থানের দাবি ক্রমে আরো জোরালো হচ্ছে, সেই সময় ব্রিটেনের এক প্রথম শ্রেণির দৈনিক ‘দ্য সানডে টাইমস’কে দেয়া সাক্ষাত্কারে প্রেসিডেন্ট আসাদ জানিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না। অন্তত ২০১৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত তিনি যে ক্ষমতায় থাকছেন, তা আরও একবার স্পষ্ট করে দিয়েছেন আসাদ। লণ্ডনের ওই দৈনিককে আসাদ আরও বলেন, ‘আমরা যে কারো সঙ্গে কথা বলতে তৈরি। এমনকি জঙ্গিরা আত্মসমর্পণ করলে তাদের সঙ্গেও কথা বলব। বিরোধীদের সঙ্গে কথা বলার যথেষ্ট অবকাশ রয়েছে। কিন্তু তাই বলে বিদ্রোহের নামে জঙ্গিপনা যারা চালাচ্ছে, তাদের সঙ্গে কথা বলা যায় না।’