হাঙর শিকার বাড়ছে
বাণিজ্যিকভাবে হাঙর শিকার বেড়ে যাওয়ায় সামুদ্রিক এই প্রাণীটির সংখ্যা আশঙ্কাজনকভাবে হ্রাস পাচ্ছে। প্রতিবছর ঠিক কতসংখ্যক হাঙর শিকার করা হচ্ছে তার পরিসংখ্যানও সন্তোষজনক নয়। তবে প্রতিবছর আনুমানিক ১০ কোটি হাঙর শিকার করা হচ্ছে বলে সম্প্রতি সামুদ্রিক নীতির ওপর প্রকাশিত এক জার্নালের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদনের গবেষকরা জানিয়েছেন, প্রতিবছর প্রায় ১০ কোটি হাঙর বাণিজ্যিকভাবে শিকার করা হচ্ছে। আর এই বিপুলসংখ্যক হাঙর শিকার পরিবেশের জন্য একটি বড় আঘাত। হাঙরের পাখার স্যুপ অত্যন্ত জনপ্রিয় হওয়ায় আন্তর্জাতিক বাজারে এর চাহিদা দিন দিন বাড়ছে। ফলে অবধারিতভাবে হাঙর শিকারও বাড়ছে। — বিবিসি
বিশ্ব রাজনীতিতে কাতার
উপসাগরীয় অঞ্চলের ছোট্ট দেশ কাতার। ক্রমশ বিশ্বরাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠার চেষ্টা করছে। আল-জাজিরা নেটওয়ার্কের কেন্দ্রস্থল এই দেশটি সাম্প্রতিক সময়ে নানা কারণে বিতর্কিতও হয়ে উঠেছে। বছরখানেক ধরে লিবিয়ার বিদ্রোহীদের অর্থায়ন করা থেকে শুরু করে সিরিয়ার বিরোধীদলকে অস্ত্র যোগানোসহ নানাবিধ কারণে দেশটির নাম আলোচনায় উঠে আসছে। কিন্তু সাম্প্রতিক সময়ে শিল্প ও সংস্কৃতির বিভিন্ন শাখায় দেশটির ক্রমবর্ধনশীল বিনিয়োগের হারও যথেষ্ট। — বিবিসি
