মারিও গোমেজের গোলে ভর করে রবিবার বুন্দেসলিগায় পয়েন্ট টেবিলের এক নম্বর দল বায়ার্ন মিউনিখ ১-০ গোলে হারায় হফেইনহ্যামকে। এই জয়ে মিউনিখ পয়েন্ট টেবিলে দ্বিতীয়স্থানে থাকা বর্তমান চ্যাম্পিয়ন বরুশিয়া ডর্টমুন্ড থেকে এগিয়ে ১৭ পয়েন্ট ব্যবধানে। শিরোপা পথে আরো এক ধাপ এগিয়ে গেল জাপ হেইঙ্কসের দল।
বায়ার্নের হয়ে সবচেয়ে গোল করেছেন মারিও মান্ডজুকিচ। মান্ডজুকিচকে ছাড়াই খেলা শুরু করে বায়ার্ন। যদিও দ্বিতীয়ার্ধে গোমেজের বদলে মাঠে নেমেছিলেন তিনি। গোমেজ দলের জয়সূচক গোলটি করেন প্রথমার্ধের ৩৮ মিনিটে। মান্ডজুকিচ বুন্দেসলিগায় ১৫ গোল করে গোলদাতাদের তালিকায় তিন নম্বরে অবস্থান করছেন। চলতি মৌসুমে বাইরের মাঠে এটি বায়ার্নের ১১তম জয়। চলতি বছরে টানা সাত জয় তুলে নিল বাভারিয়ানরা।
গত বুধবার জার্মান কাপে চ্যাম্পিয়ন বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে যে দলটি খেলেছিল সে দলের পাঁচজন ছিলেন না এই ম্যাচের একাদশে। আক্রমণের ধার ছিল না, কিন্তু খর্ব শক্তির দল হফেইনহ্যাম সুযোগটি কাজে লাগাতে পারেনি।
বুন্দেসলিগায় ২৪ খেলায় এটি বায়ার্নের ২০তম জয়। সেই সাথে অর্জিত হয়েছে ৬৩ পয়েন্ট। অন্যদিকে ডর্টমুন্ড ৪৬ পয়েন্ট নিয়ে রয়েছে দুই নম্বরে। বায়ার্নের কোচ হেইঙ্কস বলেন, ‘পরিশ্রমের জয় এটি। দীপ্তিময় এবং অসাধারণ না হলেও তিনটি পয়েন্ট তুলে নেয়া গেছে।’ এদিকে চলতি মাসেই চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ফিরতি লিগে বায়ার্ন মুখোমুখি হবে আর্সেনালের। দলটি দারুণ করে চলেছে। প্রথম লেগে তারা আর্সেনালকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছিল। জার্মান কাপ, লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ প্রতিটি টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে চলেছে দলটি। এই ম্যাচে উরুর ইনজুরিতে থাকায় ছিলেন না উইঙ্গার আরিয়েন রোবেন। আবারো ইনজুরি কবলিত তিনি। হফেইনহ্যাম শুরুর দিকে দারুণ দুটি আক্রমণ চালায় ড্যানিয়েল উইলিয়ামসের মাধ্যমে। কিন্তু শেষ রক্ষা হয়নি তাদের।
জার্মান বুন্দেসলিগায় রবিবারের ফল
হফেইনহ্যাম ০ বায়ার্ন মিউনিখ ১
ফরচুনা ডুসেলডর্ফ ১ মেইঞ্জ ১
