২০১৫ বিশ্বকাপ ক্রিকেটের চেয়ারম্যান স্ট্রংয়ের মৃত্যু

আপডেট : ০৪ মার্চ ২০১৩, ২১:৩২
অস্ট্রেলিয়ার খ্যাতিমান ব্যবসায়ী এবং ২০১৫ সালের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক কমিটির চেয়ারম্যান জেমস স্ট্রং গতকাল মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। কানটাসের সাবেক প্রধান নির্বাহী স্ট্রং অস্ত্রোপচারজনিত জটিলতার কারণে রবিবার সিডনিতে মৃত্যুবরণ করেন বলে তার পারিবারিক সূত্র নিশ্চিত করেছে। স্ট্রংয়ের মৃত্যুতে আইসিসি বিশ্বকাপ আয়োজক কমিটি গভীর শোক প্রকাশ করেছে। কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘টুর্নামেন্টকে ঘিরে জেমস যে ধরনের পদক্ষেপ ও দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছিলেন তাতে পুরো আয়োজনই ভিন্ন মাত্রা পেয়েছিল।” আইসিসি বিশ্বকাপের প্রধান নির্বাহী জন হারনডেন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের কর্পোরেট ও ক্রীড়াঙ্গনে স্ট্রংয়ের অবদানের প্রশংসা করে বলেন, ‘বিশ্বকাপকে সামনে রেখে সে যে ধরনের কাজ শুরু করেছিল আমরা তা বজায় রাখবো এবং ২০১৫ সালে এমন একটি আয়োজন বিশ্বের সামনে তুলে ধরব যাতে আমরা তাকে গর্বিত করতে পারি।’ প্রায় ২০ বছর স্ট্রংয়ের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে হারনডেনের। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন যথাসময়েই স্ট্রংয়ের শূন্যস্থান পূরণ করা হবে। ২০১৫ সালের ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যৌথভাবে বিশ্বকাপ ক্রিকেট আয়োজিত হবে।