জয় দেখছে ভারত

আপডেট : ০৪ মার্চ ২০১৩, ২১:৩২
মাত্র ১১৬ রানে নিজেদের শেষ নয়টি উইকেটের পতন হলেও হায়াদ্রাবাদে গতকাল সোমবার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে সফরকারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চালকের আসনে রয়েছে ভারত। আট উইকেট হাতে নিয়ে ইনিংস পরাজয় এড়াতে অজিদের এখনো প্রয়োজন ১৯২ রান। আগের দিনটি মাত্র একটি উইকেট হারিয়ে কাটিয়ে দেয়া ভারতের দুই অপরাজিত সেঞ্চুরিয়ান চিতেশ্বর পূজারা এবং মুরালি বিজয় গতকালও দিনের শুরুটা করেছিলেন দারুণভাবেই। দিনের প্রথম দু’টি ঘন্টা কোন উইকেট না হারিয়েই পার করেন দু’জন। এরই মধ্যে পূজারা তুলে নেন তার ক্যারিয়ারের দ্বিতীয় দ্বিশতক। বিজয় ততক্ষণে টপকে গেছেন তার আগের সর্বোচ্চ ১৩৯ রান। তবে দেড়শ’ রানের মাইলফলক পেড়োনোর পরে স্পিনার গ্লেন ম্যাক্সওয়েলের বলে এড কাওয়ানকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন বিজয়। তবে ততক্ষণে দলের স্কোরবোর্ডে দু’জন মিলে যোগ করে ফেলেছেন ৩৭০ রান। একটু পরেই ফিরে যান পূজারাও। জেমস প্যাটিনসন তার প্রথম শিকারে পরিণত করেন তাকে। এ দু’জনের বিদায়ের পরেই তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে ভারত। অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি এবং বিরাট কোহলি ছাড়া বলতে গেলে দাঁড়াতেই পারেননি আর কেউ। ফলে মাত্র ১১৬ রানেই পতন ঘটে ভারতের শেষ নয়টি উইকেটের। অস্ট্রেলিয়ার পক্ষে ম্যাক্সওয়েল চারটি এবং ডোহার্টি তিনটি উইকেট নেন। ২৬৬ রানে পিছিয়ে থেকে চা বিরতির পরে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। পরাজয় এড়াতে মরিয়া অজিরা শুরু থেকেই খেলতে থাকে দারুণ সাবধানী ভঙ্গিতে। তবে শেষ রক্ষা হয়নি এরপরেও। দলের রান পঞ্চাশ পেরোনোর পরই আঘাত হানেন প্রথম টেস্টে অজিদের মূল হন্তারক রবীচন্দ্রন আশ্বিন। ডেভিড ওয়ার্নারকে ফিরিয়ে দেন তিনি। দলের স্কোরবোর্ডে কোন রান যোগ করার আগেই তিনি ফিরিয়ে দেন নতুন ব্যাটসম্যান ফিলিপ হিউজকেও। তবে এরপরে আর কোন বিপদ ঘটতে দেননি এড কাওয়ান এবং শেন ওয়াটসন। দুই উইকেটে ৭৪ রান নিয়ে আগামীকাল দিন শুরু করবেন তারা। তবে তৃতীয় দিন শেষেই বল যেভাবে ঘুরছিল তাতে বোঝাই যাচ্ছে ভারতের তিন স্পেশালিস্ট স্পিনারের বিরুদ্ধে কঠিন পরীক্ষাই দিতে হবে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের। সংক্ষিপ্ত স্কোর: তৃতীয় দিন শেষে ভারত:৫০৩ (অলআউট)। পূজারা ২০৪, বিজয় ১৬৭, ধোনি ৪৪। ম্যাক্সওয়েল ৪/১২৭, দোহার্টি ৩/১৩১। অস্ট্রেলিয়া: ২৩৭/৯(ডিক্লেয়ার্ড) এবং ৭৪/২। কাওয়ান ২৬*,ওয়াটসন ৯*। আশ্বিন ২/৪২।