গ্যারেথ বেল এবং অ্যারেন লেননের গোলে ভর করে গত রবিবার উত্তর লন্ডনের ডার্বি জিতল টটেনহ্যাম হটস্পার। হোয়াইট হার্ট লেনে আর্সেনালকে ২-১ গোলে হারায় আন্দ্রে ভিলাস বোয়াসের দল। এই জয়ে চেলসিকে টপকে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে আসল টটেনহ্যাম।
চিরপ্রতিদ্বন্দ্বী আর্সেনাল থেকে টটেনহ্যাম সাত পয়েন্ট ব্যবধানে এগিয়ে রয়েছে। টটেনহ্যামের চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা যেমন উজ্জ্বল হয়েছে তেমনি ধূসর হয়েছে আর্সেনালের। স্পারসের গোল দুটি এসেছে প্রথমার্ধের ৩৯ মিনিটের মধ্যে। বেল ৩৭ মিনিটে দলের প্রথম গোলটি করেন। দুই মিনিটের মধ্যে লেনন আরো একটি গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন। আর্সেনালের হয়ে একমাত্র গোলটি করেন ৫১ মিনিটে পার মারটেসাকার। বেল ১৬ গোল করে প্রিমিয়ার লিগে গোলদাতাদের তালিকায় তৃতীয়স্থানে অবস্থান করছে। লিভারপুলের লুইস সুয়ারেজ ২১ গোল করে গোলদাতাদের তালিকায় এক নম্বরে এবং ১৯ গোল করে দ্বিতীয়স্থানে রয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের রবিন ফন পার্সি।
