ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রথমবারের মত বাংলায় ভাষণ দিলেন কোনো সমাবর্তন বক্তা। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সোমবারই প্রথম সম্পূর্ণ বাংলায় সমাবর্তন ভাষণ দিলেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।
১৯২১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর ৯২ বছর পার করছে বিশ্ববিদ্যালয়টি। এ বছরগুলোতে এবারের সমাবর্তনসহ মোট ৪৭টি সমাবর্তন অনুষ্ঠিত হলো। ১৯২২ সালে প্রথম সমাবর্তনে ইংরেজি ভাষায় ভাষণ দেন বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর রোনাল্ডশে সিআইই। ঐ সমাবর্তনে তাকে ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করা হয়। গত বছরের মার্চে অনুষ্ঠিত ৪৬তম সমাবর্তনে সমাবর্তন বক্তা বিশ্ব বাণিজ্য সংস্থার মহাসচিব প্যাসকেল লামি ইংরেজি ভাষায় বক্তব্য রাখেন। এর আগে ১৯৯৯ সালে অনুষ্ঠিত ৪১তম সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা অর্থনীতিবিদ অমর্ত্য সেন তার ভাষণে বাংলা এবং ইংরেজি ভাষা ব্যবহার করেন। গতকালের সমাবর্তন অনুষ্ঠানেই প্রথমবারের মতো বাংলা ভাষায় সমাবর্তন ভাষণ দেয়া হলো। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ইত্তেফাককে বলেন, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রণব মুখার্জির ভাষণটিই প্রথম সম্পূর্ণ বাংলা ভাষায় সমাবর্তন ভাষণ। এর আগের সমাবর্তনগুলোতে ইংরেজি ভাষায় বক্তব্য রাখেন সমাবর্তন বক্তারা। তিনি বলেন, ১৯৯৯ সালের ৪১তম সমাবর্তনে বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন সমাবর্তন ভাষণে বাংলা এবং ইংরেজিতে ভাষণ দিয়েছিলেন। তাই বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বাংলায় সমাবর্তন ভাষণ বিবেচনায় এটিই প্রথম।
