হাজারীবাগে গুলি করে তিন লাখ টাকা ছিনতাই

আপডেট : ০৪ মার্চ ২০১৩, ২১:৪৮
রাজধানীতে এক চাল ব্যবসায়ীকে গুলি করে ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আহত ব্যবসায়ীর নাম বশিরউদ্দিন। গতকাল সোমবার বেলা দেড়টার দিকে হাজারীবাগের বিজিবি সেকশনের বেড়িবাঁধের পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় বশিরউদ্দিনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যবসায়ী বশিরউদ্দিন জানান, কামরাঙীরচরে সোনার মদিনা নামের একটি চালের আড়তের তিনি মালিক। তার প্রতিষ্ঠানের তিন লাখ টাকা ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে হাজারীবাগ পুলিশ ফাঁড়ির অদূরে ৪টি মোটর সাইকেলে করে ৭/৮ জন অস্ত্রধারী তার গতি রোধ করে। টাকার ব্যাগটি চাইলে তা দিতে অস্বীকার করায় দুর্বৃত্তরা তার বাম পায়ে এক রাউন্ড গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। হাজারীবাগ থানা পুলিশ জানায়, গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় ঐ ব্যবসায়ী থানায় মামলা করেছেন।