পাবলিক প্লেসে ধূমপানের অর্থদণ্ড দ্বিগুণের প্রস্তাবে সংসদে বিল

আপডেট : ০৪ মার্চ ২০১৩, ২১:৪৯
পাবলিক প্লেসে ধূমপানের অর্থদণ্ড দ্বিগুণ এবং তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন নিষিদ্ধ করার প্রস্তাব রেখে ২০০৫ সালের ধূমপান ও তামাক দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন সংশোধনে বিল উত্থাপন করা হয়েছে। প্রস্তাবিত আইনে অপ্রাপ্ত বয়স্কদের কাছে তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। গতকাল সোমবার বিকালে প্যানেল সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. আ ফ ম রুহুল হক ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) বিল-২০১৩ উত্থাপন করেন। মন্ত্রীর প্রস্তাবের প্রেক্ষিতে ১০ কার্যদিবসের মধ্যে বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে রিপোর্ট দেয়ার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। প্রস্তাবিত আইনে পাবলিক প্লেসের সংজ্ঞায় বেসরকারি অফিস অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০০৫ এর আইনে বেসরকারি অফিস এর অন্তর্ভুক্ত ছিলো না। এছাড়া পাবলিক প্লেসে ধূমপানের শাস্তি ৫০ টাকা অর্থদণ্ডের পরিবর্তে ১০০ টাকা করা হয়েছে। আরো বলা হয়েছে, একই ব্যক্তি দ্বিতীয়বার বা বার বার একই অপরাধ করলে পর্যায়ক্রমিকভাবে দ্বিগুণ হারে অর্থদণ্ডে দণ্ডিত হবেন। বিলে গুল, জর্দা, কৈনী সাদাপাতাসহ চোষণ ও চিবানোর মাধ্যমে গ্রহণ করা তামাকজাত দ্রব্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাছাড়া তামাকজাত দ্রব্যের প্রত্যক্ষ বা পরোক্ষ বিজ্ঞাপন সংক্রান্ত প্রচারণা ও পৃষ্ঠপোষকতা নিষিদ্ধ করা হয়েছে। এমনকি তামাকজাত দ্রব্যের বিক্রির স্থানে যেকোন উপায়ে বিজ্ঞাপন প্রচারও নিষিদ্ধ করা হয়েছে। ২০০৫ সালের আইনে তামাকজাত দ্রব্য বিক্রিকারীকে এই বিধানের আওতার বাইরে রাখা হয়েছিল। তবে সংশোধনীতে ওই বিধান বাদ দেয়া হয়েছে। প্রস্তাবিত বিলে এ বিধান লঙ্ঘন করলে অনূর্ধ্ব তিন মাস বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক এক লাখ টাকা অর্থদণ্ডের শাস্তি রাখা হয়েছে। ২০০৫ সালের আইনে কারাদণ্ডের পাশাপাশি এক হাজার টাকা অর্থদণ্ডের বিধান ছিল। কোন ব্যক্তি ১৮ বছর বয়সের কম কারো নিকট তামাক বা তামাকজাত দ্রব্য বিক্রি করতে পারবে না বা বিক্রি অথবা বিতরণ কাজে নিয়োজিত করতে পারবে না। বিধান লঙ্ঘনকারীর বিরুদ্ধে পাঁচ হাজার টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।