জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত হিসেবে অর্থের পরিবর্তে জমি চাই

আপডেট : ০৪ মার্চ ২০১৩, ২১:৫৪
রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক লক্ষ্মীপুরে কাঁচাবাজার স্থাপনের জন্য ০.৭৬২০ একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই জমির মধ্যে টিবি রোড সংলগ্ন আমার ০.০৪১৬ সহস্রাংশ জমি রয়েছে যেখানে ১৯৫৭ সাল থেকে বসবাস করছি। অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার পদ থেকে অবসর গ্রহণ করে বর্তমানে আমার পেনশনের বিক্রি করা টাকা দিয়ে বাড়ি নির্মাণের পরিকল্পনা করেছি। সে লক্ষ্যে ঐ জমির ওপর রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক ৬ তলাবিশিষ্ট বাড়ির প্লান ২৬-৪-২০১১ তারিখে পেয়েছি। প্লান অনুযায়ী বাড়ি নির্মাণের জন্য আমার পুরাতন বাড়িটিও ইতোমধ্যে ভেঙে ফেলে অন্যত্র ভাড়া বাসায় রয়েছি। এদিকে সম্পত্তির ক্ষতিপূরণ বাবদ যত্সামান্য যে অর্থ পাবো তা দিয়ে সিটি কর্পোরেশন এলাকায় কোনো জমি কিনে বাড়ি নির্মাণ করা সম্ভব হবে না। আমার পরিবার ভিটামাটিহারা হবে। ২১-১১-২০১১ তারিখে ইস্যু করা জেলা ভূমিহুকুম দখল অফিস থেকে আমার জমিটুকু অধিগ্রহণের নোটিস জারি করা হয়েছে। এ অবস্থায় অর্থের পরিবর্তে সিটি কর্পোরেশন এলাকায় আমার নামে জমি বরাদ্দের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি। মো. সাইদুর রহমান, লক্ষ্মীপুর টিবি রোড, রাজশাহী।