দামুড়হুদায় বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী নিহত

আপডেট : ০৪ মার্চ ২০১৩, ২২:৪৪
দামুড়হুদার দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর মাঠে গত রবিবার গভীর রাতে বন্দুক যুদ্ধে ১০ মামলার আসামি ও সন্ত্রাসী বাহিনী প্রধান আব্দুল হালিম (৩৫) নিহত হয়েছেন। ২০-২৫ রাউন্ড গুলি বিনিময়ের পর এ সময় নিহতের পাশ থেকে ১ টি রিভলবার ও ২ টি গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, পুলিশের একটি টহল দল গত রবিবার রাতে দর্শনা চেকপোস্ট রোডের স্টার ব্রিকসের কাছে পৌঁছালে ৮/১০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা মেরে পালানোর চেষ্টা করে। তাদেরকে পুলিশ ঈশ্বরচন্দ্রপুর মাঠে ঘিরে ফেললে উভয়ের মধ্যে ২০/২৫ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের মৃত হারেজ আলীর পুত্র সন্ত্রাসী বাহিনী প্রধান আব্দুল হালিম (৩৫) নিহত হন। গুলির শব্দ শুনে আশপাশের গ্রামের লোকজন ঘটনাস্থলে এলে সকলেই কুখ্যাত সন্ত্রাসী হালিমের লাশকে সনাক্ত করেন। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কুখ্যাত আব্দুল হালিমের নামে দামুড়হুদা, জীবননগর ও সদর থানায় হত্যা, খুন, চাঁদাবাজি ও ডাকাতিসহ ১০/১১টি মামলা রয়েছে।