প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, থাইল্যান্ড ৫০ হাজার মত্স্য কর্মী বাংলাদেশ থেকে নেবে। এ লক্ষ্যে থাইল্যান্ড সরকার তাদের মন্ত্রিপরিষদে প্রস্তাব গ্রহণ করেছে। জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে গতকাল সোমবার বিকালে টেবিলে উপস্থাপন করা প্রশ্নোত্তর পর্বে নাছিমুল আলম চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান।
মন্ত্রী আরও জানান, বাংলাদেশ থেকে মত্স্য কর্মী নেয়ার বিষয়ে বাংলাদেশ-থাইল্যান্ড সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক প্রক্রিয়াধীন রয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ থেকে একটি সংশোধিত খসড়া সমঝোতা স্মারক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে থাইল্যান্ড সরকারের নিকট পাঠানো হয়েছে। এটিকে চূড়ান্ত রূপ দিতে থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাস কার্যক্রম চালাচ্ছে।
