‘ইসলাম রক্ষার’ জন্য আওয়ামী লীগের কর্মীদের সাথে মারামারি করতে যান শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামো ধোবড়া গ্রামের জামায়াত কর্মী আব্দুর রহিম (৪২)। কিন্তু তিনি নিজের জান রক্ষা করে বাড়ি ফিরতে পারেননি। গত শুক্রবার দুই পক্ষের সংঘর্ষের পর তিনি বাড়ি ফেরেন লাশ হয়ে। তার বাড়িতে এখনও চলছে শোকের মাতম। গতকাল সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, রহিমের মা জায়েদা বেগম (৬৫) পুত্রশোকে মুহ্যমান। জায়েদা বেগম জানান, জামায়াতের পক্ষে আওয়ামী লীগ কর্মীদের সাথে সংঘর্ষে জড়িয়ে প্রাণ হারান আব্দুর রহিম।
দরিদ্র পরিবারের রহিম ছোটখাটো ব্যবসা করে সংসার চালাতেন। তার ১ ছেলে ১ মেয়ে। রহিমের মা সরকারি বয়স্ক ভাতার উপর নির্ভরশীল । ছেলের বউ ও সন্তানদের নিয়ে কিভাবে চলবেন তা ভেবে তিনি দিশেহারা। তিনি সন্তান হত্যার বিচার দাবি করেছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পরপরই শিবগঞ্জের বিভিন্ন এলাকায় জামায়াত শিবিরের হামলা ও ভাংচুরের জের ধরে গত শুক্রবার শাহবাজপুর ইউনিয়নের নামো ধোবড়া গ্রামে আওয়ামী লীগ সমর্থকদের সাথে জামায়াতের সংঘর্ষে রহিম নিহত হন।
